যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা দেখা দিয়েছে, তা যেন আনন্দময় থাকে এবং কোনোভাবেই সহিংসতা বা প্রাণহানির পর্যায়ে না পৌঁছায়, সে জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
বিশ্বকাপ উন্মাদনায় প্রাণহানির উদ্বেগ
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল ঝড়ে আক্রান্ত। দেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্ম– তাদের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’ তিনি উল্লেখ করেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ‘আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক,’ বলেন তিনি।
ব্রাজিল সমর্থকদের হতাশা ও শান্তিপূর্ণ পরিবেশের আহ্বান
ব্রাজিল সাপোর্টারদের হতাশার কথা উল্লেখ করে মো. আমিনুল হক বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’



