সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়
নিহতরা হলো টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।
ঘটনার বিবরণ
পুলিশ জানায়, স্থানীয় মাদ্রাসার তিন ছাত্র গোসলের জন্য নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন নদীতে ডুবে যায় এবং একজন কোনোরকমে নদীর তীরে ওঠে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে দুপুর ১২টার দিকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন।
জীবিত উদ্ধার
এ সময় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছে। তারা তিনজনই কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
পুলিশের বক্তব্য
বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।" খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



