চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামের এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টর চালিয়ে যাচ্ছিলেন শাকিল। পথে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় এলে ট্রাক্টরের চাকা খুলে যায়। এতে ট্রাক্টর উল্টে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে পরিবারকে জানালে তারা আইনগত প্রক্রিয়া শেষে লাশ বাড়ি নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে।



