ইতালির পো নদীতে ধরা পড়া ১২৭ কেজির দানব ক্যাটফিশের রেকর্ড
ইতালিতে ধরা পড়া ১২৭ কেজির দানব ক্যাটফিশের রেকর্ড

এখন পর্যন্ত ধরা সবচেয়ে বড় ক্যাটফিশের রেকর্ডটি একটি ওয়েলস ক্যাটফিশের দখলে। ২০২৩ সালে ইতালির পো নদীতে আলেসান্দ্রো বিয়ানকার্ডি নামের একজন মৎস্যশিকারি এই দানবীয় মাছটি ধরেন। সেদিন নদীর কম পানিতে মাত্র কয়েকবার বড়শি ফেলার পরেই আলেসান্দ্রো পানির নিচে বিশাল এক নড়াচড়া খেয়াল করেন। বড়শিতে টান পড়তে শুরু হয় মাছের সঙ্গে যুদ্ধ। অনেক টানাহিঁচড়ার পরে শেষে মাছটিকে তীরে টেনে তোলা হয়, তখন এর বিশাল আকৃতি দেখে সবার চোখ কপালে।

দৈত্যাকার ক্যাটফিশের আকার ও ওজন

দৈত্যাকার এই ক্যাটফিশটি লম্বায় ছিল প্রায় ৯.৪ ফুট (২.৭ মিটার) এবং ওজন ছিল ১২৭ কেজি। ইন্টারন্যাশনাল গেম ফিশ অ্যাসোসিয়েশন (আইজিএফএ) এর আগেও অনেক বড় ক্যাটফিশ ধরার রেকর্ড নথিবদ্ধ করেছে। তবে ইতালির নদীর এই মাছটি মৎস্য শিকারের ইতিহাসে এক অনন্য কীর্তি হয়ে থাকবে। রেকর্ড গড়ার পর সেই বিশাল ক্যাটফিশটির সব তথ্য ও মাপজোখ লিখে রাখা হয়। তবে এরপরই মাছশিকারি আলেসান্দ্রো মাছটিকে আবার পো নদীর পানিতেই মুক্ত করে দেন।

কেন মাছটিকে ছেড়ে দেওয়া হলো?

তিনি এমনটি করেন যাতে এই চমৎকার প্রাণীগুলো নদীতে বেঁচে থাকতে পারে, বংশবৃদ্ধি করতে পারে এবং ভবিষ্যতে আরও বড় হয়ে নতুন কোনো রেকর্ড ভাঙতে পারে। এতে করে অন্য কোনো মৎস্যশিকারিও যেন আলেসান্দ্রোর মতো এমন অবিশ্বাস্য আনন্দ ও রোমাঞ্চের স্বাদ নেওয়ার সুযোগ পান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওয়েলস ক্যাটফিশের বিস্তার

ওয়েলস ক্যাটফিশ হলো ইউরোপের মিষ্টি পানির সবচেয়ে বড় মাছ। তবে ডিমপাড়ার জন্য সমুদ্র থেকে নদীতে চলে আসা মাছগুলো এই হিসাবের বাইরে। এই দামি মাছগুলো মূলত মধ্য ও পূর্ব ইউরোপে পাওয়া যেত। কিন্তু গত ২৫ বছরে এদের ইউরোপের অন্য এলাকাগুলোয়ও নিয়ে যাওয়া হয়েছে। ফলে ইতালি, ফ্রান্স ও স্পেনের প্রধান নদীগুলোয় এদের সংখ্যা এখন খুব দ্রুত বাড়ছে। উত্তর ইতালি ও তুরিন ও পিয়াসেঞ্জা শহরের মধ্য দিয়ে এঁকেবেঁকে বয়ে যাওয়া পো নদীটি হলো এই বিশাল আকৃতির ক্যাটফিশদের প্রধান চারণভূমি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়স ও পরিবেশ

২০২২ সালে ‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানী লারসন ও তাঁর সঙ্গীরা সুইডেনে ৬.৪ ফুট লম্বা একটি ক্যাটফিশের খোঁজ পান। মোট ১ হাজার ১৮৩টি ক্যাটফিশ পরীক্ষা করে এটিই ছিল সবচেয়ে বড়। বিজ্ঞানীদের ধারণা, মাছটির বয়স ছিল প্রায় ৭০ বছর। তবে ইউরোপের অপেক্ষাকৃত গরম এলাকার ক্যাটফিশগুলোর বয়স সাধারণত এত বেশি হয় না। বিজ্ঞানীদের মতে, ইতালির পো নদীতে ধরা পড়া বিশাল ওয়েলস ক্যাটফিশটির বয়স ২০ থেকে ৩০ বছরের মতো হতে পারে। অবাক করার মতো বিষয় হলো, সুইডেনের মতো ঠান্ডা দেশের নদীতে এই আকারের একটি মাছের বয়স হতো প্রায় ১০০ বছর। আসলে বেশি তাপমাত্রা, অনুকূল পরিবেশ আর প্রচুর খাবারের কারণেই পো নদীর মাছগুলো এত দ্রুত ও বিশাল আকারে বড় হতে পারে।

খাদ্যাভ্যাস ও শিকার

খাবারের ব্যাপারে এই মাছের কোনো বাছবিচার নেই। এর খাদ্যতালিকা যেমন বড়, তেমনি বৈচিত্র্যময়। ছোট-বড় মাছ ও ব্যাঙের মতো উভচর প্রাণী তো আছে। সুযোগ পেলে পানির ওপর ভেসে থাকা ছোটখাটো পাখিও গিলে ফেলে এই মাছ। আর এই বিশাল আকার, গায়ের জোর ও রাক্ষুসে স্বভাবের কারণেই মৎস্যশিকারিদের কাছে এটি সবচেয়ে আকর্ষণীয় শিকার। এই মাছকে বাগে আনাও বেশ কঠিন।

সূত্র: লাইভ সায়েন্স