যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবল খেলাকে কেবল আনন্দের মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় তিনি এই আহ্বান জানান। বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে দেশে সহিংসতা, বিশৃঙ্খলা ও প্রাণহানির ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি বলেন, ব্রাজিল–আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, এটা যেন আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে, সহিংসতায় রূপ না নেয়।
বিশ্বকাপ ফুটবল ও সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রীর বক্তব্য
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক মানুষ, বিশেষ করে যুবসমাজ বর্তমানে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত। মানুষ ঘরে ঘরে কোথাও বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলকে উপভোগ করছে। কিন্তু বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
আনন্দের মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান
আমিনুল হক বলেন, ‘দেশবাসীর কাছে আহ্বান করব, খেলা আনন্দময় একটি বিষয়। এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু না। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসবমুখর একটি পরিবেশ, এটি যাতে আনন্দের ভেতরেই থাকে। এটিকে কেন্দ্র করে কেউ ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো সহিংসতা তৈরি করে কোনো প্রাণনাশের ঘটনা যাতে না ঘটে।’



