বিশ্বকাপে এখনো গোল হজম করেনি স্পেন, রেকর্ড ৬০৯ মিনিট জাল অক্ষত
বিশ্বকাপে গোল হজম করেনি স্পেন, রেকর্ড ৬০৯ মিনিট জাল অক্ষত

স্পেন বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে জাপানের বিপক্ষে গোল খাওয়ার পর থেকে টানা ৬০৯ মিনিট তাদের জাল অক্ষত রয়েছে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাতে কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। এই ম্যাচে স্পেনের জালে গোল করতে পারবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।

গোল হজম না করার রহস্য

স্পেন কেন গোল হজম করছে না, তার ব্যবচ্ছেদে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নিজেদের বক্সে প্রতিপক্ষকে সবচেয়ে কমসংখ্যকবার বল ছুঁতে দেওয়া। টুর্নামেন্টে টিকে থাকা অন্য যেকোনো দলের চেয়ে বলকে গোলপোস্ট থেকে দূরে রাখার কাজটি সবচেয়ে কার্যকরভাবে করছে স্প্যানিশরা। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য পাবলো জাবালেতা বলেন, 'অবশ্যই বল দখলে এগিয়ে থাকার মানে হলো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং প্রতিপক্ষকে বারবার আক্রমণের সুযোগ থেকে বঞ্চিত করতে পারবেন। বল পায়ে পরিস্থিতি সামাল দিতে স্প্যানিশরা ভীষণ পটু, এটা যেন তাদের ডিএনএতেই মিশে আছে।'

বল হারানোর পর দ্রুত প্রতিক্রিয়া

জাবালেতা আরও বলেন, 'তাদের খেলার মূল শক্তির আরেকটি জায়গা হলো পাস দেওয়ার সময় খেলোয়াড়েরা খুব কাছাকাছি অবস্থান করেন। ফলে বলের দখল হারালে খুব দ্রুত প্রতি–আক্রমণে উঠতে পারে। স্পেনে একদম ছোটবেলা থেকেই খেলোয়াড়দের কৌশলটি শেখানো হয়, যাতে বল হাতছাড়া হওয়ার পরের সেকেন্ডেই সবাই সচেতন থাকে এবং সঠিক পজিশনে থেকে দ্রুত বলটি কেড়ে নিতে পারে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সৌদি আরব ম্যাচের উদাহরণ দেওয়া যায়। বাঁ দিকে পেদ্রি, আলেক্স বায়েনা ও মার্ক কুকুরেয়া 'ট্রায়াঙ্গল' তৈরি করে আক্রমণ গড়ে তোলেন। পাসটি প্রতিপক্ষ কেটে দেওয়ার সঙ্গেই এই দুই মিডফিল্ডার দ্রুত চাপ সৃষ্টি করেন। এতে তাড়াহুড়া করে বল বাড়িয়ে দিতে বাধ্য হন মুসাব আল-জুয়াইর। দানি ওলমো যখন বলটি উদ্ধার করেন, তখন তাঁর চারপাশে আরও চার সতীর্থ পজিশন নিয়ে দাঁড়িয়ে। এই কৌশলের কারণে স্পেন মাঠের আধিপত্য ধরে রাখতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নকআউট পর্বের উদাহরণ

নকআউট পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের উদাহরণও দেওয়া যায়। লামিনে ইয়ামাল বক্সের ভেতর ট্যাকলের শিকার হন, বল নিয়ে অস্ট্রিয়া দ্রুত পাল্টা আক্রমণ গড়ার চেষ্টা করে। কিন্তু রদ্রি মার্সেল জাবিৎসারকে চেপে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে বলের দখল ফিরে পান। তখনো স্প্যানিশ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের চারপাশে চারজন সতীর্থ পজিশন নিয়ে দাঁড়িয়ে। দলগত এ কৌশলে খেলোয়াড়দের মধ্যকার দূরত্ব সব সময় কম থাকে। এটি স্পেনকে যেমন দ্রুত বল কাড়তে সাহায্য করে, তেমনি মুহূর্তেই আক্রমণ তৈরি করতে পারে।

জাবালেতা বলেন, 'আমি স্পেনে খেলেছি, সেখানে থেকেছি। দেশটির প্রতিটি অঞ্চলেই ফুটবলের এই একই ব্যাকরণ শেখানো হয়। বল হারানোর পরের ওই দু-তিন সেকেন্ড যে কতটা গুরুত্বপূর্ণ এবং সেখানে কেমন প্রতিক্রিয়া দেখাতে হবে, তা তারা সবাই জানে।'

পরিসংখ্যান ও কৌশল

পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে প্রতিপক্ষের রক্ষণসীমায় স্পেনের চেয়ে বেশি বল কাড়তে পারেনি আর কোনো দল। স্পেনের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলো গড়ে মাত্র ১৯.৩ সেকেন্ড বল নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, যা টুর্নামেন্টের অন্য যেকোনো দলের চেয়ে অনেক কম। ফিফা ফুটবল পারফরম্যান্স ইনসাইটসের তথ্য অনুযায়ী, মাঝমাঠে কুবারসি ও লাপোর্তে নিজেদের ৩১টি ডুয়েলের মধ্যে ২৪টিতেই (৭৭.৪ শতাংশ) জয়ী হয়েছেন। পেছনে বড় ফাঁকা জায়গার ঝুঁকি থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ মুহূর্তে সামনে এগিয়ে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে তাঁরা দুর্দান্ত।

স্পেন প্রায়ই প্রতিপক্ষকে মাঠের একটি নির্দিষ্ট প্রান্তে বল নিয়ে যেতে বাধ্য করে এবং এরপর সব খেলোয়াড়কে কড়া পাহারায় রেখে পাসের সব রাস্তা বন্ধ করে দেয়। বলের দখল হারিয়ে স্পেন তাদের মোট সময়ের ১০.৪ শতাংশ ব্যয় করেছে 'হাই ব্লক' কৌশলে। চলতি বিশ্বকাপে এই কাজে স্পেনের চেয়ে এগিয়ে নেই আর কোনো দেশ।

ঝুঁকি ও নিখুঁততা

কৌশলে ঝুঁকি যে একেবারেই নেই, তা নয়। গতিময় ফরোয়ার্ডরা রক্ষণভাগের পেছনে ফাঁকা জায়গার ফায়দা তুলে নিতে পারেন দারুণভাবে। কিন্তু লুইস দে লা ফুয়েন্তের স্পেন যেন এক নিখুঁত ও সুগঠিত যন্ত্র। বল পায়ে তাদের খেলাটা বেশি চোখে পড়ে। তবে আসল কারিকুরিটা সম্ভবত বল ছাড়া তাদের মুভমেন্ট। ওই কাজে এখন পর্যন্ত নিখুঁত বলেই তো গোল হজম করেনি স্পেন।