বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আজ রাত ৩টায় মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে। একদিকে হ্যারি কেইন, অন্যদিকে আর্লিং হাল্যান্ড; সময়ের সেরা দুই স্ট্রাইকারের লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব।
মুখোমুখি পরিসংখ্যান
ইংল্যান্ড ও নরওয়ে এই প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হচ্ছে। এর আগে দুই দলের ১২বার দেখায় সবগুলোই ছিল প্রীতি ম্যাচ কিংবা বিশ্বকাপ বাছাইপর্বে। দুই দলের প্রথম দেখা হয়েছিল ১৯৩৭ সালে। সামগ্রিক পরিসংখ্যানে ইংল্যান্ড এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ের সবচেয়ে স্মরণীয় দুটি জয় নরওয়ের।
নরওয়ের স্মরণীয় জয়
১৯৮১ সালের সেপ্টেম্বরে অসলোতে ব্রায়ান রবসনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু রজার আলবার্টসেন ও হলভার থোরেসেনের গোলে বিরতির আগেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রাখে। ১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্বে আবারও ইংল্যান্ডের পথে বাধা হয়ে দাঁড়ায় নরওয়ে। ওয়েম্বলিতে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর অসলোর উলেভাল স্টেডিয়ামে ২-০ গোলে জয় পায় নরওয়ে।
ইংল্যান্ডের পুনরুত্থান
অসলোর সেই বিখ্যাত জয়ের পর আর কখনও ইংল্যান্ডকে হারাতে পারেনি নরওয়ে। এরপর দুই দলের চারটি প্রীতি ম্যাচে হয়েছে মোটে দুটি গোল। সব মিলিয়ে ১২ দেখায় ইংল্যান্ডের জয় সাতটি, নরওয়ের দুটি। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর এক প্রীতি ম্যাচে। ওয়েম্বলিতে অনুষ্ঠিত সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছিলেন ওয়েইন রুনি।



