নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে মারিয়া মান্দার নেতৃত্বাধীন দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ঈদ উপহার দেওয়ার প্রত্যাশা
পুরো দেশ যখন ঈদ উদযাপনে ব্যস্ত, তখন বাংলাদেশ দল মাঠে নামছে। অধিনায়ক মারিয়া মান্দা এই উৎসবমুখর পরিবেশকে আরও রাঙাতে চান। ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘অবশ্যই দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। আমরা ভালো কিছু করলেই সেটা দেশকে ভালো কিছু দেওয়া হয়। আমাদের প্রত্যাশা থাকবে, আমরা ভালো খেলবো, ভালো খেলা উপহার দেবো এবং দেশবাসীকে ভালো একটা ফল দেবো।’
গ্রুপসেরা হওয়ার লক্ষ্য
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপকে ১১-০ গোলে বিধ্বস্ত করেছে। ‘বি’ গ্রুপ থেকে গ্রুপসেরা হতে হলে বাংলাদেশকেও বড় ব্যবধানে জিততে হবে। তবে কোচ পিটার বাটলার এই চিন্তার বিপক্ষে। তিনি বলেন, ‘যারা নির্দিষ্ট সংখ্যক গোল করার কথা বলে, তারা আসলে ফুটবল বোঝে না। এটি একটি ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়। আমি শুধু পেশাদার এবং সুশৃঙ্খল পারফরম্যান্স চাই। মালদ্বীপের ওই স্কোরলাইন নিয়ে ভাবছি না। কারণ, তাদের প্রস্তুতি ভালো ছিল না এবং তারা দীর্ঘ সময় ট্রানজিটে আটকে ছিল। অতীতে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। প্রতিপক্ষকে সম্মান জানিয়ে আমরা পরবর্তী ম্যাচ এবং বর্তমানের ওপর মনোযোগ দিতে চাই।’



