সুপ্রিম কোর্টের ‘বিজয়–৭১’ ভবন থেকে আজ সোমবার দুপুরে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. কামাল উদ্দিন। ১২ তলাবিশিষ্ট এই ভবনের অষ্টম তলার শৌচাগার–সংলগ্ন গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কামালের মরদেহটি ছিল।
কর্মচারীর পরিচয়
হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির জমাদার হিসেবে কামাল উদ্দিন দায়িত্ব পালন করে আসছিলেন বলে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে। দায়িত্বশীল একটি সূত্রের তথ্যমতে, হাইকোর্ট বিভাগের শাখায় আজ তাঁর বদলি হওয়ার কথা ছিল।
ঘটনাস্থল পরিদর্শন
প্রধান বিচারপতির কার্যভার পালনরত আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান বলে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান।
রেজিস্ট্রার জেনারেলের বক্তব্য
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, ‘বিজয়–৭১ ভবনের অষ্টম তলার শেষ প্রান্ত থেকে আমাদের একজন জমাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে একজন দেখে অবহিত করেন। তারপর সংশ্লিষ্ট থানা–পুলিশকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর থানা–পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌঁছায়। আড়াইটার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সে অনুসারে পুলিশ যা করার, তাই করবে। সম্ভবত তারা এখন একটি ইউডি কেস করতে যাচ্ছে। তারপর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেবে।’
কামাল উদ্দিনের পরিচিতি
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক কর্মকর্তার তথ্য অনুসারে, ১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর জন্ম নেওয়া কামাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহে।



