বিশ্বকাপ শুরু হতে বাকি ১৭ দিন। তার আগে লিওনেল মেসির চোট নিয়ে নানামুখী জল্পনা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত স্বস্তির খবরই মিলেছে। আর্জেন্টাইন অধিনায়ক কোনো রকম ঝুঁকিতে নেই। এমনকি বিশ্বকাপের আগে তার প্রীতি ম্যাচ খেলা নিয়েও কোনো অনিশ্চয়তা নেই।
মেডিকেল পরীক্ষায় চোট ধরা পড়েনি
সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে মেসির খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। আর্জেন্টাইন স্পোর্টস পোর্টাল ডাবল আমারিল্লা জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় তার কোনো চোট ধরা পড়েনি।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে চোট শঙ্কা
মূলত ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট শঙ্কায় পড়েন মেসি। ৬-৪ গোলে জয়ের দিনে দুটি অ্যাসিস্ট করেন তিনি। তবে খেলার শেষ দিকে বেঞ্চের দিকে ইশারা করে বদলির অনুরোধ জানান তিনি। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ৭২তম মিনিটে ধীরে ধীরে মাঠের বাইরে যেতে দেখা যায়। এ সময় তিনি নিজের হ্যামস্ট্রিংয়ের দিকে ইঙ্গিত করেন। আর তাতেই শুরু হয় উদ্বেগ।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বদলি
ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টাইন সাংবাদিক গাস্টন এদুল জানিয়েছেন, ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন মেসি। তবে এটি পেশির গুরুতর কোনো চোট নয় বলে জানা গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বিশ্বকাপের আগে বাড়তি ঝুঁকি নিতে চাননি মেসিও। ফলে শিরোপা ধরে রাখার মিশনে দলকে নেতৃত্ব দেওয়া নিয়ে কোনো শঙ্কার মাঝে নেই কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।



