কানাডার কুইবেক প্রদেশের তেরাস-ভদ্রেয়ঁ পৌরসভা আনুষ্ঠানিকভাবে গাছের আইনি অধিকার স্বীকৃতি দিয়েছে। মন্ট্রিল থেকে ৪০ মাইল পশ্চিমে অবস্থিত এই শহরের প্রায় ২ হাজার বাসিন্দার পৌরসভা গত ৯ জুন একটি রেজল্যুশন পাস করে, যাতে গাছের 'জীবনধারণ, স্বাভাবিক বৃদ্ধি, অখণ্ডতা ও বংশবৃদ্ধির অধিকার' স্বীকার করা হয়েছে। কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি-র হাতে আসা ওই রেজল্যুশন অনুযায়ী, পৌরসভার কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
গাছ: সবচেয়ে বড় বন্ধু
মেয়র মিশেল বুর্দো সংবাদমাধ্যমটিকে জানান, 'গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু।' তিনি বলেন, গাছ প্রকৃত অর্থেই সবুজ অবকাঠামো। আরবান হিট আইল্যান্ড হ্রাস, বাতাসের মান বৃদ্ধি, মূল্যবান জলজ সম্পদ ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে গাছ। গত কয়েক বছরে তিনবার বন্যার কবলে পড়া শহরের জন্য এই পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ।
নতুন প্রস্তাবের প্রভাব
নতুন এই প্রস্তাব মেনে পৌরসভার সমস্ত বিদ্যমান নিয়মকানুন ও উপবিধি খতিয়ে দেখা হবে। গাছ সংরক্ষণ অথবা কাটা পড়লে নতুন গাছ লাগানোর বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ। মেয়র বুর্দো আরও জানান, কুইবেকের চলচ্চিত্র পরিচালক অঁদ্রে দেসরোশের-র তৈরি 'দেস আর্ব্রেস এ দেস আর্তস' ছবিটি স্থানীয়দের এই বিষয়ে অনুপ্রাণিত করেছিল। ছবিটি দেখে নাগরিকরা উপলব্ধি করেন, গাছ একটি জীবন্ত সত্তা। তারা নিশ্বাস নেয় এবং শিকড়ের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগও স্থাপন করতে পারে।
আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণ
ইন্টারন্যাশনাল অভজারভেটোরি অভ নেচার রাইটস জানিয়েছে, পরিবেশবাদী সংগঠনগুলো পরিচালিত আন্তর্জাতিক উদ্যোগ ইউনিভার্সাল ডিক্ল্যারেশন অভ দ্য রাইটস অভ দ্য ট্রি-তে প্রথম পৌরসভা হিসাবে সই করেছে কানাডার এই শহর। এই আন্তর্জাতিক উদ্যোগের তিনটি মূলনীতি রয়েছে। প্রথমত, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব গাছের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, গাছের সঙ্গে মানুষের 'ভ্রাতৃত্ব ও সংহতি' বজায় রাখতে হবে। তৃতীয়ত, গাছ একটি জীবন্ত সত্তা এবং সার্বিকভাবে মানবজাতির জন্য মঙ্গলজনক।
গাছের 'বোধ' ও বিশ্বব্যাপী প্রভাব
ইন্টারন্যাশনাল অভজারভেটোরি অভ নেচার রাইটসের প্রেসিডেন্ট ইয়েনি ভেগা কার্দেনাস সিবিসিকে বলেন, গাছের 'মর্যাদা' এবং 'বোধ' রয়েছে। বিষয়টি স্পষ্ট করে তিনি জানান, 'আবেগ নয়, কিন্তু বোধ রয়েছে।' ইয়েনি আরও বলেন, বিশ্বজুড়ে নদী এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদকে অধিকার দেওয়ার যে দাবি উঠেছে, গাছের অধিকার-সংক্রান্ত এই ঘোষণাপত্র তারই একটি অংশ। উদাহরণস্বরূপ, ২০২১ সালে কানাডার কুইবেকের ম্যাগপাই নদীকে আইনিভাবে 'ব্যক্তিসত্তা'র মর্যাদা দিয়েছিল একটি আঞ্চলিক সরকার এবং ইনু কাউন্সিল অভ একুয়ানিটশিট।



