প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘সিভি রাইটিং, লিংকডইন এবং ক্যারিয়ার গ্রোথ’–বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর বন্ধুসভার সহযোগিতায় ১৯ জুন রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলা এই কর্মশালায় নিবন্ধনের মাধ্যমে ঢাকা ও ঢাকার বাইরের ২৮টি বন্ধুসভার ৮০ জন বন্ধু অংশগ্রহণ করেন।
সিভি রাইটিং নিয়ে আলোচনা
ঢাকা মহানগর বন্ধুসভার দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই সিভি রাইটিং নিয়ে আলোচনা করেন বিডিজবস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ। তিনি তরুণদের মনে করিয়ে দেন যে চাকরির বাজারে একজন প্রার্থীকে অন্য দশজন থেকে আলাদাভাবে উপস্থাপন করতে একটি মানসম্মত সিভি কীভাবে এবং কতখানি ভূমিকা রাখে।
মোহাম্মদ আলী ফিরোজ বলেন, ‘সিভি শুধু আপনার শিক্ষাগত যোগ্যতার তালিকা নয়, এটি আপনার পেশাগত পরিচয়ের প্রথম দরজা। নিয়োগকর্তা আপনার সঙ্গে কথা বলার আগেই আপনার সিভির সঙ্গে পরিচিত হন। তাই সামগ্রিক বিবরণীসহ, তথ্যসমৃদ্ধ এবং প্রাসঙ্গিক সিভি তৈরি করতে হবে, যা আপনার দক্ষতা ও সম্ভাবনাকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরবে।’
ক্যারিয়ার গ্রোথ ও লিংকডইন
পেশাগত জীবনে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র বা ক্যারিয়ার গ্রোথ নিয়ে নিজের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করেন টেন মিনিট স্কুলের প্রোগ্রাম লিড ফারহান সাকিব। তিনি বলেন, ‘ব্যর্থতাকে ভয় পাওয়ার কিছু নেই; বরং প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায় এবং আরও পরিণত হতে সাহায্য করে। যারা চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারে, তারাই শেষ পর্যন্ত নিজেদের জন্য নতুন সুযোগ তৈরি করতে সক্ষম হয়।’
লিংকডইন ও পার্সোনাল ব্র্যান্ডিংয়ের খুঁটিনাটি তুলে ধরেন ব্র্যান্ড কমিউনিকেশন প্রফেশনাল এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির লেকচারার সামসুদ্দোহা সাফায়াত। তিনি বলেন, ‘ডিজিটাল যুগে অনলাইন উপস্থিতিই অনেক সময় আপনার পরিচয় বহন করে। লিংকডইন শুধু চাকরি খোঁজার প্ল্যাটফর্ম নয়। এটি নিজের দক্ষতা, ব্যক্তিগত অর্জন ও চিন্তাভাবনা তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম। ব্যক্তিগত ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নিজেকে অন্যদের কাছে আলাদা ও বিশ্বাসযোগ্য করে তোলা সম্ভব।’
আয়োজনের উদ্দেশ্য ও সমাপ্তি
সময়োপযোগী ও বাস্তবমুখী কর্মশালা আয়োজনের পেছনের গল্প ও উদ্দেশ্য তুলে ধরেন মহানগর বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক আকিফ বিন সাঈদ। তিনি বলেন, ‘বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন বাস্তবমুখী দক্ষতা ও সঠিক দিকনির্দেশনা। সেই চিন্তা থেকেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আমরা চেয়েছি অংশগ্রহণকারীরা যেন সিভি রাইটিং, লিংকডইন ব্যবহার, পার্সোনাল ব্র্যান্ডিং এবং ক্যারিয়ার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করতে পারে।’
সমাপনী বক্তব্যে মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘একটি সুন্দর ও ফলপ্রসূ আয়োজন সফল করার পেছনে সবার আন্তরিক অংশগ্রহণ এবং সহযোগিতা সবচেয়ে বড় সম্ভাবনা। আজকের এই কর্মশালায় উপস্থিত বন্ধুদের উৎসাহ, জানার আগ্রহ এবং সক্রিয় অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি, সিভি রাইটিং, লিংকডইন, পার্সোনাল ব্র্যান্ডিং ও ক্যারিয়ার গ্রোথ বিষয়ে অর্জিত জ্ঞান তাঁদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হয়।



