দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির অনলাইন আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রশিক্ষণটি তিন মাস মেয়াদি এবং ৬০০ ঘণ্টার হবে। প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান।
আবেদনের সময় ও যোগ্যতা
অনলাইনে আবেদন আগামী ১৫ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। নির্ধারিত আটটি বিভাগের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটারের ওপর বেসিক ধারণা এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএস নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।
পরীক্ষার সময়সূচি
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন ২০২৬ (শনিবার) এবং মৌখিক পরীক্ষা ২১ জুন ২০২৬ (রোববার)। পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৪ জুন ২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রশিক্ষণ ও সুবিধা
প্রশিক্ষণটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের '৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় দেওয়া হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ কর্তৃক পরিচালিত হবে। প্রশিক্ষণ চলবে ১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, তিন মাস (দৈনিক আট ঘণ্টা) মেয়াদি ৬০০ ঘণ্টাব্যাপী।
প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি প্রয়োজন হবে না। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে।



