দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, সমাজে এমন একটি গ্রুপ সবসময় সক্রিয় থাকে যারা গণ্ডগোল সৃষ্টির জন্য প্রস্তুত। তাদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এই বিষয়টি মাথায় রেখে আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে। আমরা সবাই একসঙ্গে থাকব, বাইরের কিছু মানুষ উস্কানি দিলেও সেই উস্কানিতে পা দেবো না। সমাজে কিছু লোক সবসময় এসবের জন্য উতপেতে থাকে, তাদের সম্পর্কে সতর্ক থাকা জরুরি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য
শনিবার (৩০ মে) ময়মনসিংহের গৌরীপুরে গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, কিছুদিন আগের ঘটনা (কুরআন অবমাননা সংক্রান্ত) নিয়ে যা-ই বলা হোক না কেন, সেদিন রাতে সনাতন ধর্মের কোনো নেতার কাছ থেকে কোনো ফোন তিনি পাননি। তিনি রাত আড়াইটা পর্যন্ত মনিটরিং করেছেন। তার দলের লোকজন প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল, অনেকেই অনেক কথা বলেছে। তিনি সেসব বন্ধ করে থানাকে নির্দেশ দিয়েছেন প্রতিটি হিন্দু বাড়ি পাহারা দেওয়ার। তিনি বলেন, কোনো মিছিল বের হলেই পিটানো হবে। তিনি বিষয়টি শক্ত হাতে নিয়েছেন এবং আশা করেছিলেন সনাতন ধর্মের নেতারাও একই কথা বলবেন।
সম্প্রীতি বজায় রাখার আহ্বান
প্রতিমন্ত্রী আরও বলেন, সম্প্রীতি দুই দিক থেকেই হতে হবে। এক দিক থেকে হলে হয় না। তিনি চান ধর্ম নির্বিশেষে গৌরীপুরের মানুষ ভাই ভাই হিসেবে থাকুক। সম্পর্ক বজায় রাখতে হবে। এক-দুইজন হঠাৎ কিছু করলেই পুরো কমিউনিটির সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে না। তিনি উল্লেখ করেন, ওই দিন রাতে যদি একটি মিছিল হতো, তাহলে বিষয়টি হাতের বাইরে চলে যেত এবং বিএনপি তা নিয়ন্ত্রণে রাখতে পারত না।
সভায় বক্তব্য রাখেন অনেকে
গোবিন্দ জিউর মন্দির কমিটির নবনির্বাচিত সভাপতি শ্যামল বসাক সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ জেলা উত্তর শাখার সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ বিপ্লব। স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজিব সরকার রাজু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট জেলা শাখার সদস্য সুজন সরকার, মিলন বিশ্বাস, রাজরাজেশ্বরী মহাদেবী বোকাইনগর কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সমীরণ দেবনাথ, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু এবং মহাশ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু পাল।
উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল প্রমুখ।



