দুনিয়া ও আখিরাতের সমস্যা সমাধানে ৬টি সহজ আমল
দুনিয়া ও আখিরাতের সমস্যা সমাধানে ৬টি সহজ আমল

মানুষের জীবন নানা দুঃখ-কষ্ট ও পরীক্ষায় ভরা। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক অশান্তি, মানসিক অস্থিরতা বা আখিরাতের ভয় সবাইকে পীড়া দেয়। ইসলাম শুধু সমস্যা চিহ্নিত করে না, বরং প্রতিটি সমস্যার বাস্তবসম্মত সমাধানও দেয়। আল্লাহ ও তাঁর রাসুল (সা.) এমন কিছু আমলের শিক্ষা দিয়েছেন যা জীবনকে শান্তিময় ও বরকতময় করে।

তাহাজ্জুদ সালাত: রাতের শ্রেষ্ঠ ইবাদত

তাহাজ্জুদ হলো রাতের নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যখন সবাই ঘুমে মগ্ন, তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করা বান্দার মর্যাদা বহুগুণে বাড়ায়। কুরআনে বলা হয়েছে, ‘রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় কর; এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।’ (সুরা আল-ইসরা: ৭৯) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের মহান রব দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন— কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব; কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব; কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।’ (বুখারি ১১৪৫, মুসলিম ৭৫৮)

চাশতের সালাত: রিজিক ও সুস্থতার চাবিকাঠি

সালাতুদ-দুহা বা চাশতের সালাত সূর্যোদয়ের পর থেকে জোহরের আগ পর্যন্ত পড়া হয়। এটি রিজিক বৃদ্ধি ও শারীরিক সুস্থতার জন্য উপকারী। রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেক অঙ্গ-প্রত্যঙ্গের জন্য প্রতিদিন সদকা করা আবশ্যক। ... আর দুহার দুই রাকাত সালাত এসবের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়।’ (মুসলিম ৭২০)

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইস্তিগফার: গুনাহ মাফ ও রিজিকের উৎস

ইস্তিগফার গুনাহ মাফের পাশাপাশি রিজিক বৃদ্ধি ও দুশ্চিন্তা দূর করে। কুরআনে বলা হয়েছে, ‘আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সাহায্য করবেন।’ (সুরা নূহ: ১০-১২) রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেন এবং প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন।’ (আবু দাউদ ১৫১৮)

আয়াতুল কুরসি: জান্নাতের চাবি

প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহর হেফাজত ও জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না।’ (নাসাঈ ১০০)

সদাকাহ: বিপদ দূর ও বরকত বৃদ্ধি

সদাকাহ দরিদ্রের উপকারের পাশাপাশি বিপদ দূর ও রিজিকে বরকত আনে। কুরআনে বলা হয়েছে, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হলো একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় এবং প্রত্যেক শীষে একশত দানা থাকে।’ (সুরা আল-বাকারা: ২৬১) রাসুল (সা.) বলেছেন, ‘সদাকাহ গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।’ (তিরমিজি ২৬১৬)

দরুদ শরিফ: রহমত লাভের মাধ্যম

রাসুল (সা.)-এর প্রতি দরুদ পাঠ করলে বরকত ও রহমত নাজিল হয়। কুরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনগণ! তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ কর।’ (সুরা আল-আহযাব: ৫৬) রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার প্রতি দশবার রহমত নাযিল করেন।’ (মুসলিম ৪০৮)

এই ছয়টি আমল—তাহাজ্জুদ, চাশতের সালাত, ইস্তিগফার, আয়াতুল কুরসি, সদাকাহ ও দরুদ শরিফ—যদি আন্তরিকতার সঙ্গে নিয়মিত পালন করা হয়, তবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে শান্তি, বরকত ও সফলতা দান করবেন।