নাজিফা তুষির প্রিয় ভ্রমণ গন্তব্য লামা, ছোটবেলার স্মৃতি জড়িয়ে
নাজিফা তুষির প্রিয় ভ্রমণ গন্তব্য লামা

অভিনয়শিল্পী নাজিফা তুষি জানিয়েছেন, ঘুরতে তার খুবই ভালো লাগে। দেশ-বিদেশের অনেক জায়গায় তিনি বেড়াতে গেলেও বান্দরবানের লামার স্মৃতি তিনি ভুলতে পারেন না। এটি তার খুবই প্রিয় জায়গা।

লামার প্রতি কেন এত ভালোবাসা?

নাজিফা তুষির জন্ম চট্টগ্রামে। চট্টগ্রামে তার অনেক পছন্দের জায়গা থাকলেও লামার সঙ্গে জড়িয়ে আছে তার ছোটবেলার স্মৃতি। মেডিটেশন কোর্সের অংশ হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে যাওয়াটা এখনো তার কাছে অ্যাডভেঞ্চারাস মনে হয়।

প্রথম কবে লামায় গিয়েছিলেন?

নাজিফা তুষি প্রথম লামায় যান ক্লাস সেভেন বা এইটে পড়ার সময়। তখন কোয়ান্টাম ফাউন্ডেশনের মেডিটেশনের কোর্স করেছিলেন তিনি। এই কোর্সের মাধ্যমেই প্রথম লামা সম্পর্কে জানতে পারেন। লামায় 'মনো সাধনা' নামে একটি মেডিটেশন কোর্স হতো, যা ছিল চার দিনের। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই অ্যাকটিভিটি চলত। সময়মতো খাওয়াদাওয়া হতো, কিন্তু এ সময়টায় কারও সঙ্গে কথা বলা যেত না। এর মধ্য দিয়ে মনের একটি যত্ন নেওয়া হতো। সেই সময় কোর্সের জন্যই প্রথম তিনি লামায় গিয়েছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জায়গাটা ঘিরে স্মরণীয় স্মৃতি?

পাহাড়ের এক প্রান্তে একটি ঘরে প্রকৃতির মধ্যে বসে সময় কেটেছিল। এটা তার মধ্যে অদ্ভুত ভাইব্রেশনের মতো কাজ করেছিল। এ ছাড়া ঝরনাও খুব কাছাকাছি ছিল। জলপতনের শব্দ তার কাছে স্পিরিচুয়াল মনে হয়েছিল। যে কারণে এখনো জায়গাটা তার ভীষণ পছন্দ।

কতবার সেখানে গিয়েছেন?

নাজিফা তুষি লামায় দুইবার গিয়েছেন। দ্বিতীয়বার গিয়েছিলেন কলেজে পড়ার সময়। সেই সময়ও লামায় যাওয়ার পথ সহজ ছিল না। অনেক সময় যাওয়ার অনুমতিও মিলত না।

আবার যাবেন?

অনেক দিন লামায় যাওয়া হয়নি। তবে এখনো জায়গাটার প্রতি তার ভালোবাসা রয়েছে। কেউ লামায় গেলে তিনি জায়গাটা নিয়ে জিজ্ঞেস করেন। এখন নাকি আরও লোকালয় হয়েছে। মিরিঞ্জা ভ্যালিতে অনেক রিসোর্ট হয়েছে। যেকোনো সময়ই যাওয়া যায়। পাহাড়িপ্রকৃতি আর ঝরনা দেখতে দ্রুতই লামায় যেতে চান তিনি।

সাক্ষাৎকার: সামীর আলম

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ