টাইফুন বাভি: চীনে ৬ লাখের বেশি মানুষ সরানো, ওয়েনঝৌতে আঘাতের আশঙ্কা
টাইফুন বাভি: চীনে ৬ লাখের বেশি মানুষ সরানো

চীনের পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসা টাইফুন ‘বাভি’র আঘাতের আশঙ্কায় শনিবার (১১ জুলাই) দেশটির বড় শহর ওয়েনঝৌ থেকে ৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জিও নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

উচ্ছেদ ও প্রস্তুতি

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াং প্রদেশ থেকে ৫ লাখের বেশি এবং পাশের ফুজিয়ান প্রদেশ থেকে আরও ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। টাইফুনটি রোববার (১২ জুলাই) ভোরে প্রায় এক কোটি মানুষের শহর ওয়েনঝৌতে আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাস।

ওয়েনঝৌর ৫০ বছর বয়সি বাসিন্দা হুয়াং শিংহুয়ান বলেন, ‘কিছুটা চিন্তা তো আছেই। তবে আমার মনে হয় সব ঠিক থাকবে। আমরা আগেও অনেক টাইফুন মোকাবিলা করেছি, এবারও পারব।’ তিনি টাইফুনের আগে বাজার বন্ধ হওয়ার আগেই পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়েছিলেন এবং দুই থেকে তিন দিনের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করেছেন। তার ভাষায়, ‘এখন প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ভালো আছে। তাই আতঙ্কিত হওয়া বা অতিরিক্ত খাবার-দাবার মজুত করার কোনো দরকার নেই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টাইফুনের গতিপথ ও শক্তি

শক্তিশালী এই টাইফুন এর আগে জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ো হাওয়া বয়ে আনে এবং তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে চলে যায়। ঠান্ডা সমুদ্রের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় ‘বাভি’র গতি ও শক্তি কিছুটা কমলেও এটি এখনও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। কারণ, এর বিশাল বৃষ্টির মেঘে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং পুরো বৃষ্টির বলয়টি আয়তনে প্রায় ফ্রান্সের সমান।

অন্যান্য অঞ্চলে প্রভাব

জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত টাইফুনের কারণে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ফিলিপাইনে ‘বাভি’র প্রভাবে শক্তিশালী হওয়া ও মৌসুমি বৃষ্টিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ