বলিউডের নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহি বর্তমানে গ্ল্যামার ও চোখধাঁধানো নাচ-গানের জন্য পরিচিত। তবে তার শৈশবের স্বপ্ন ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি ফুটবলার হতে চেয়েছিলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের সেই অপূর্ণ আকাঙ্ক্ষা ও বলিউডে জয়যাত্রার গল্প শুনিয়েছেন এই নৃত্যশিল্পী।
শৈশবের স্বপ্ন ও চোটের করুণ পরিণতি
নোরা ফাতেহি বলেন, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার খেলার মাঠের স্বপ্ন চিরতরে থমকে যায়। সেই সময়কে তিনি জীবনের কঠিনতম অধ্যায় হিসেবে বর্ণনা করেন।
তবে খেলার মাঠের সেই লড়াই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করেছে বলে জানান নোরা, যা পরে বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে।
বলিউডে আগমন ও সাফল্য
নোরা ফাতেহি ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে অভিষেক করেন। তবে তিনি ব্যাপক পরিচিতি পান মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার গানে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।
তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানে তার দুর্দান্ত নাচের মাধ্যমে। গানটি ২০১৮ সালে ইউটিউবে প্রকাশের পর মাত্র ২৪ ঘণ্টায় ২০ মিলিয়নেরও বেশি ভিউ অর্জনকারী প্রথম হিন্দি গান হিসেবে রেকর্ড গড়েছিল।
ফুটবলের প্রতি অটুট ভালোবাসা
পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নোরার উপস্থিতি ছিল নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দেন তিনি। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও তাকে নিয়মিত পারফর্ম করতে দেখা যায়।
নোরা ফাতেহি একজন মরক্কান-কানাডিয়ান, যিনি মূলত ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। তার জীবনযাত্রা ও সংগ্রাম অনেকের জন্যই অনুপ্রেরণা।



