বিশ্বজুড়ে ‘সিচুয়েশনশিপ’ (দায়হীন সম্পর্ক) নিয়ে কয়েক বছর ধরেই চলছে আলোচনা। না বন্ধুত্ব, না প্রেমের এই সম্পর্কে মানুষ উথালপাতাল প্রেমে পড়তে চায় না। প্রাণভরে ভালোবাসার চেয়ে তারা বর্তমানে থাকতে বেশি পছন্দ করে। দুজনের কাউরো মধ্যে যেটা আজীবন টিকিয়ে রাখার মতো কোনো প্রতিশ্রুতি থাকে না। সম্প্রতি স্ত্রীর সঙ্গে ‘সিচুয়েশনশিপ’–এ আছেন বলে আলোচনায় বলিউড প্রযোজক জ্যাকি ভাগনানি। তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং।
জ্যাকি ভাগনানি কী বললেন?
নিজের বৈবাহিক সম্পর্ককে ব্যাখ্যা করতে জ্যাকি ব্যবহার করেছেন ‘সিচুয়েশনশিপ’ শব্দটি। তিনি বলেছেন, রাকুলের সঙ্গে আইনগতভাবে বিয়ে হলেও মানসিকভাবে একধরনের আধুনিক, স্বচ্ছ এবং স্বাধীন সমীকরণে আছেন তিনি। এই সম্পর্ককে মজার ছলেই তিনি বলেছেন ‘সিচুয়েশনশিপ’। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি বলেন, তাঁরা দুজনই জীবনের নানা উত্থান-পতন দেখেছেন। তাই সম্পর্কের ক্ষেত্রে নির্ভরতার বদলে তাঁরা বেছে নিয়েছেন পরিপক্বতা। তাঁর ভাষায়, ‘আমরা একে অপরের সঙ্গে এক্সক্লুসিভ, কিন্তু আমাদের সম্পর্কটা একধরনের সিচুয়েশনশিপ।’
সম্পর্কের ভিত্তি কী?
জ্যাকির মতে, একজন মানুষ যদি নিজেই অসুখী হন, তাহলে অন্য কেউ এসে সেই শূন্যতা পূরণ করতে পারে না। আর এই উপলব্ধিই তাঁদের সম্পর্ককে করেছে ভিন্ন ও বাস্তবসম্মত। জ্যাকি ও রাকুলের প্রেম শুরু হয় কোভিড লকডাউনের সময়। সেই সময়ের নিঃসঙ্গতা, অনিশ্চয়তা—সবকিছুর মাঝেই তাঁরা একে অপরকে আবিষ্কার করেন নতুনভাবে।
বিয়ে থেকে সম্পর্কের বিবর্তন
২০২৪ সালে গোয়ায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁরা বিয়ে করেন। তবে বিয়ের পরও তাঁদের সম্পর্কের ভিত্তি একই—বন্ধুত্ব, বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান। ‘সিচুয়েশনশিপ’ শব্দটি সাধারণত অনিশ্চিত সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হলেও, জ্যাকি-রাকুলের ক্ষেত্রে এটি এক নতুন ব্যাখ্যা পেয়েছে। এখানে অনিশ্চয়তা নেই, বরং রয়েছে স্পষ্টতা—আমরা একসঙ্গে আছি, কারণ আমরা চাই; কোনো বাধ্যবাধকতার কারণে নয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে



