বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ‘কল্কি ২’-এ দীপিকা পাডুকোনের ছেড়ে যাওয়া ‘সুমতি’ চরিত্রে চূড়ান্ত হয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি দক্ষিণী সুপারস্টার প্রভাস তাঁর আসন্ন সিনেমা ‘আলফা’-র ট্রেলার শেয়ার করে আলিয়ার প্রশংসা করেন এবং সেই সঙ্গে ‘কল্কি ২’-এ অভিনয়ের ইঙ্গিত দেন।
প্রভাসের প্রশংসায় আলিয়া
প্রভাস বলেন, ‘আলফা’ সিনেমার ট্রেলার চমৎকার হয়েছে। ভীষণ আশাব্যঞ্জক। শুক্রবার (৩ জুলাই) রিলিজের প্রাক্কালে আলিয়া, যশরাজ ফিল্মস এবং পুরো টিমকে অসংখ্য শুভেচ্ছা। জবাবে আলিয়া দক্ষিণী তারকাকে ধন্যবাদ জানিয়ে ‘সূর্য’ ইমোজি জুড়ে দেন। সিনেমাপ্রেমীদের ধারণা, এর মাধ্যমেই ‘কল্কি ২’-তে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন আলিয়া ভাট।
দীপিকার প্রস্থানের পটভূমি
২০২৪ সালে বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাডুকোনের মতো তারকাখচিত এ সিনেমা হিন্দি ও দক্ষিণী বলয়ের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও দাপিয়ে ব্যবসা করেছিল। তবে সিক্যুয়েল নিয়ে বিপাকে পড়েন নির্মাতারা, কারণ দীপিকা পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্যের কারণে প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান। পরে তিনি শাহরুখ খানের সিনেমা ‘কিং’-এর শুটিং শুরু করেন।
প্রিয়াংকা চোপড়ার নাম শোনা গিয়েছিল
২০২৫ সালে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার নাম শোনা গিয়েছিল, কিন্তু ‘দেশিগার্ল’ খ্যাত এই অভিনেত্রীকে কাস্ট করা সহজ ছিল না। শেষ পর্যন্ত নির্মাতারা আলিয়া ভাটের শরণাপন্ন হন।
‘কল্কি’র গল্পে সুমতি চরিত্রের গুরুত্ব
পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী, কুরুক্ষেত্র যুদ্ধের ছয় হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন দীপিকা অভিনীত ‘সুমতি’র চরিত্র। ধরিত্রীকে বিপদ থেকে রক্ষা করতে তার ওপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। সুমতির গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার, যা দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল।
আলিয়ার ‘আলফা’র ঝলক
সম্প্রতি আলিয়া ভাটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আলফা’-র ট্রেলারে তাঁর তুখোড় অ্যাকশন অবতার দেখে মুগ্ধ প্রভাস। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই সিনেমায় আলিয়ার মারপিটের কাঁপন ধরিয়েছেন বলিউডের ‘আলফা মেল’দেরও। সেই তালিকায় এবার যোগ দিলেন প্রভাস।



