কান্ট্রি মিউজিকের সবচেয়ে বড় রাতটি যেন একাই নিজের করে নিলেন তরুণ গায়িকা এলা ল্যাংলি। এক রাতে সাতটি পুরস্কার জিতে ২০২৬ সালের একাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসের সবচেয়ে বড় তারকায় পরিণত হয়েছেন তিনি। অন্যদিকে বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন কোডি জনসন।
৬১তম আসর লাস ভেগাসে
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসেছিল কান্ট্রি মিউজিকের ৬১তম এ আয়োজন। পুরো অনুষ্ঠানেই ছিল এলা ল্যাংলির দাপট। যেসব বিভাগে তিনি মনোনয়ন পেয়েছিলেন, প্রতিটিতেই জয় তুলে নিয়েছেন। এর মধ্যে রয়েছে বর্ষসেরা নারী শিল্পী, শিল্পী-গীতিকার, বছরের সেরা গান ও সিঙ্গেল—সবই তাঁর জনপ্রিয় গান ‘চুজ ইন টেক্সাস’-এর জন্য।
এলা ল্যাংলির আবেগঘন মুহূর্ত
মঞ্চে বারবার উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন এলা। শেষ পুরস্কার গ্রহণ করতে গিয়ে কিছুক্ষণ কথা পর্যন্ত বলতে পারেননি। পরে কাঁপা কণ্ঠে বলেন, ‘আমি কিছু বলতে চাইছি, কিন্তু পারছি না।’ এরপর সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষ করে লেইনলি উইলসন ও মিরান্ডা ল্যাম্বার্টের কথা আলাদা করে উল্লেখ করেন।
কোডি জনসনের বড় জয়
তবে রাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ গেছে কোডি জনসনের হাতে। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, ‘সংগীত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেশা।’ একই সঙ্গে ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার কথাও জানান এই শিল্পী। তাঁর ভাষায়, ‘বাড়িতে ফিরলে আমি শুধু একজন স্বামী, বাবা আর খামারি।’ এদিন সেরা পুরুষ শিল্পীর পুরস্কারও জেতেন কোডি জনসন।
অ্যালবাম বিভাগে চমক
চমক ছিল অ্যালবাম বিভাগেও। সমালোচকদের প্রশংসা পাওয়া নিজের নামের অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন পার্কার ম্যাককালাম। পুরস্কার নিতে গিয়ে রসিকতা করে তিনি বলেন, ‘ভাবছিলাম, আপনারা বুঝি আমাকে আর মঞ্চেই ডাকবেন না।’
জমজমাট সংগীত পরিবেশনা
পুরস্কার বিতরণীর পাশাপাশি জমজমাট ছিল সংগীত পরিবেশনাও। অনুষ্ঠানের শুরুতেই পারফর্ম করেন গত বছরের ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ লেইনলি উইলসন। এদিকে এলা ল্যাংলির জনপ্রিয়তা যে এখন তুঙ্গে, সেটাও স্পষ্ট হয়েছে এই আসরে। দ্বিতীয় অ্যালবাম দিয়েই কান্ট্রি মিউজিকের অন্যতম বড় মুখ হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যে তাঁর প্রথম অ্যারেনা ট্যুরের ঘোষণাও এসেছে। সংগীতবোদ্ধাদের অনেকেই মনে করছেন, আগামী বছর ‘এন্টারটেইনার অব দ্য ইয়ার’ বিভাগেও সবচেয়ে বড় দাবিদার হতে পারেন এলা ল্যাংলি।



