সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি
সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি

সুহানা খানের অভিষেক সিনেমা ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর

বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে ‘কিং’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। বর্তমানে ‘কিং’ সিনেমার শুটিং জোরকদমে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

প্রথমবার মেয়ে সুহানা খানকে সঙ্গী করে প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন জায়গায় শুটিং করছেন শাহরুখ খান। আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। মেয়ের বড়পর্দায় ডেবিউ সিনেমা হওয়ায় নিজের সবটা উজাড় করে দিচ্ছেন বাবা শাহরুখ খান।

৪৫০ কোটি রুপি বাজেট, শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে বড়

গৌরী খান প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি। সিনেমার সংগীত পরিচালনায় রয়েছেন সচিন-জিগর। অ্যাকশন দৃশ্যের শুটিং পরিচালনা করবেন আন্তর্জাতিক স্টান্ট দলের সদস্যরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুরুতে যে মানের সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল, শেষ পর্যন্ত তার চেয়ে অনেক বড় মাপের সিনেমা তৈরি করা হচ্ছে। বলিউডে এমন অ্যাকশন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি বলে জানা গেছে। ‘কিং’ সিনেমার ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স)-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই কাজের দায়িত্ব নিয়েছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’।

এটি শাহরুখের ক্যারিয়ারের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এর আগে ‘জওয়ান’ সিনেমাটি ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল, আর ‘পাঠান’ সিনেমার বাজেট ছিল ৩৫০ কোটি রুপি। প্রচারের খরচ ও শাহরুখ খানের পারিশ্রমিক এই ৪৫০ কোটি রুপির মধ্যে ধরা হয়নি।

সিনেমায় তারকাবহুল কাস্ট

শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, খরাজ মুখার্জি প্রমুখকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, এর আগে ‘কিং’ নামে একটি সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। কবীর খানের পরিচালনায় হৃতিক রোশন ছিলেন মুখ্য চরিত্রে। পরে সেই সিনেমা আর হয়নি। তখন নাদিয়াদওয়ালা এর ‘রাইট’ বিক্রি করেন রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে। সিনেমার পোস্টার মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।