শ্রীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
শ্রীপুরে নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের (২৭) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছন (শেখেরঘাট) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিচয়

নাঈম বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি প্রতি বুধবার বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন এবং বাড়ির পাশেই একটি পুকুর ভাড়া নিয়ে মাছচাষ করতেন।

পরিবারের বক্তব্য

নাঈমের বাবা জামাল উদ্দিন বলেন, ‘মঙ্গলবার (২ জুন) রাত পৌনে ১২টার দিকে নাঈম বাড়ির পাশে তার মাছ চাষের পুকুর দেখার জন্য টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে ফিরে না আসলে তার ফোনে কল দিলে সে কেটে দেয়। পরে আবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। সকাল হলেও বাড়িতে না আসায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাইনি। তার পরনে টি-শার্ট এবং শর্ট প্যান্ট পরা ছিল। বৃহস্পতিবার সকালে বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে (শেখেরঘাট) স্থানে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ