দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কামরুজ্জামান রোমান পরিচালিত 'শিকার' সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে জুটি হয়ে কাজ করবেন ছোটপর্দার অভিনেতা মুরতজা পলাশ।
শুটিং নেপালে, গান রেকর্ডিং সম্পন্ন
সিনেমার শুটিংয়ের জন্য ইতোমধ্যে একটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন নির্মাতা। 'দুজন মিলে বাঁচব এক জীবন' শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। এছাড়া আকাশ মাহমুদের সুর করা আরেকটি স্যাড ঘরানার গানের রেকর্ডিং হওয়ার কথা রয়েছে, যাতে কণ্ঠ দেবেন আকাশ নিজেই।
গানের শুটিংয়ের জন্য দ্রুতই নেপালের উদ্দেশে পাড়ি দেবেন পরিচালক। সেখানেই হবে দৃশ্যধারণ। নির্মাতা জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে পুরো টিম নেপাল যাবে এবং সিনেমার বেশিরভাগ শুটিং সেখানেই হবে।
ওয়েব ফিল্ম থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা
এর আগে 'শিকার' নামে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে চলতি মাসে শুরু হচ্ছে 'শিকার' সিনেমার শুটিং। তবে ওয়েব ফিল্ম নয়; এটি নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে, যা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, 'প্রি-প্রোডাকশনের কাজ করার সময় বাজেট, গল্প ও অভিনয়শিল্পী— সব মিলিয়ে আমাদের মনে হলো এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলে ভালো হবে। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সবাই মিলে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিই।'
গল্প ও চরিত্র
আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে 'শিকার' সিনেমাটি প্রযোজনা করছে রেজা ফিল্মস। থ্রিলার ঘরানার সীমান্তবর্তী এলাকার গল্প রয়েছে এ সিনেমায়। এতে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। পরিচালক বলেন, 'গল্পই এ সিনেমার মূল আকর্ষণ। ইতোমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।'
অপু বিশ্বাসের বিপরীতে জুটি হয়ে কাজ করা মুরতজা পলাশ প্রসঙ্গে নির্মাতা জানান, নাটকে পলাশের অভিনয় দেখে তাকে এই সিনেমায় যুক্ত করা হয়েছে।



