টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানস্থলের আবর্জনা ১০০ ডলারে বিক্রি
টেইলর সুইফটের বিয়ের আবর্জনা ১০০ ডলারে বিক্রি

মার্কিন পপ তারকা টেইলর সুইফটকে ঘিরে ভক্তদের উন্মাদনার গল্প নতুন নয়। তবে এবার সেই উন্মাদনা পৌঁছেছে এক ভিন্ন মাত্রায়। ৩ জুলাই এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিয়ে সেরেছেন টেইলর সুইফট। সেদিন তাঁদের বিয়ের অনুষ্ঠানস্থলের বাইরে পড়ে থাকা আবর্জনাও এখন হয়ে উঠেছে সংগ্রহযোগ্য স্মারক। আর সেসব কিনতে ১০০ মার্কিন ডলার পর্যন্ত খরচ করছেন ‘সুইফটি’, অর্থাৎ টেইলর সুইফট–ভক্তরা।

শিল্পীর উদ্যোগে সংগ্রহ

এই অদ্ভুত উদ্যোগের পেছনে আছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগন্যাক। টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের দিন তিনি ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে ঘুরে বেড়ান। অতিথিরা চলে যাওয়ার পর রাস্তায় পড়ে থাকা বিভিন্ন জিনিস কুড়িয়ে সংগ্রহ করেন। পরে সেসব ছোট ছোট স্বচ্ছ প্লাস্টিকের কিউবের মধ্যে সিল করে বিক্রির জন্য তোলেন। এই সংগ্রহের নাম দিয়েছেন ‘পকেট গার্বেজ’।

দাম ও বিক্রি

ছোট কিউবগুলোর দাম রাখা হয়েছে ২৫ মার্কিন ডলার। অপেক্ষাকৃত বড় কিউবের দাম ১০০ ডলার। দাম শুনে অবাক হওয়ার সুযোগ থাকলেও ভক্তদের আগ্রহে খুব দ্রুতই বিক্রি হয়ে যায় এসব কিউব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কিউবের ভেতরে কী আছে?

গিগন্যাক বলেন, ‘চারপাশ ঘুরে একটি রিং পপ (জনপ্রিয় ব্র্যান্ডের ফলের স্বাদের ললিপপ) পেয়েছি। একটি হারানো এয়ারপডও পেয়েছি। এমনকি একটি ওভুলেশন টেস্ট কিটও (ঘরে বসে নারীর সবচেয়ে উর্বর সময় বা ডিম্বস্ফোটনের দিনগুলো নির্ণয় করার অনুষঙ্গ) পেয়েছি।’

গিগন্যাক এসব ছাড়াও আরও নানা ধরনের জিনিস পেয়েছেন। প্রতিটি সংগ্রহ কিউবে ঢুকিয়ে এয়ারটাইট বা বায়ুরোধীভাবে সিল করেছেন। শিল্পী জানিয়েছেন, এর ফলে এসব থেকে কোনো দুর্গন্ধ বের হবে না বা ভেতরের বস্তু নষ্ট হবে না।

শিল্পী হিসেবে আবর্জনা সংগ্রহ

জাস্টিন গিগন্যাকের কাছে সংগৃহীত আবর্জনাগুলো শুধু ব্যবসার পণ্য নয়, শিল্পও। ২৫ বছর ধরে তিনি নিউইয়র্ক শহরের বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত আবর্জনা ছোট কিউবের মধ্যে সংরক্ষণ করে শিল্পকর্ম হিসেবে তৈরি করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে গিগন্যাক বলেন, ‘মানুষ যেসব জিনিস উপেক্ষা করে বা ফেলে দেয়, সেসবের মধ্যেও সৌন্দর্য, আনন্দ আর বিস্ময় খুঁজে পাই। মাথায় একটি ধারণা এসেছিল, সেটিই বাস্তবায়ন করেছি।’

কাস্টম স্মারক

গিগন্যাকের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাস্টম স্মারকও বিক্রি হয়। এর আগে অনেক দম্পতির বিয়ের স্মৃতি সংরক্ষণ করেও তিনি কিউব তৈরি করেছেন। সেখানে বিয়ের শপথের কপি, আংটির বাক্স, টেবিল নম্বরসহ নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে।

গিগন্যাক বলেন, ‘টেইলর আর ট্রাভিস চাইলে তাঁদের জন্যও একটি বিশেষ কিউব তৈরি করে দিতে পারি।’

বিশ্বজুড়ে টেইলর সুইফটকে ঘিরে ভক্তদের উন্মাদনার নানা উদাহরণ আছে। তবে বিয়ের অনুষ্ঠানস্থলের বাইরে পড়ে থাকা আবর্জনাও যে সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হতে পারে, সেটিই হয়তো এবার সবচেয়ে বিস্ময়কর উদাহরণ।