জনপ্রিয় মার্কিন র্যাপার মেগান থি স্ট্যালিয়ন এবং বাস্কেটবল তারকা ক্লে থম্পসনের বহুল আলোচিত প্রেমের সম্পর্কের অবসান ঘটেছে। মেগানের পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। বিচ্ছেদের এই আনুষ্ঠানিক ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন চারদিকে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন তুঙ্গে।
বিচ্ছেদের কারণ ও বিবৃতি
মেগান তার প্রতিনিধির মাধ্যমে সংবাদমাধ্যম ‘টিএমজেড’কে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমি ক্লে-র সঙ্গে আমার সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস, সততা এবং সম্মান—এসব বিষয়ে কোনো আপস নেই। যখন এই মূল্যবোধগুলো ক্ষুণ্ণ হয়, তখন আর একসঙ্গে এগিয়ে যাওয়ার কোনো পথ থাকে না। এখন আমি নিজের মানসিক প্রশান্তি ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দিচ্ছি।’
ইনস্টাগ্রামে সরাসরি অভিযোগ
বিবৃতি দেওয়ার ঠিক আগ মুহূর্তে মেগান তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু রহস্যময় এবং সরাসরি অভিযোগ জানিয়ে পোস্ট করেন। সেখানে তিনি ক্লে-র বিরুদ্ধে পরকীয়া বা বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দিয়ে লেখেন, ‘প্রতারণা! আমাকে তোমার পুরো পরিবারের সামনে নিয়ে গিয়ে ঘর-সংসারের নাটক করালে... আর এখন তোমার পা কাঁপছে?’ তিনি ক্ষোভ উগরে দিয়ে আরও লেখেন, ‘বাস্কেটবল সিজন চলাকালীন তোমার ভয়াবহ সব ‘মুড সুইং’ এবং খারাপ আচরণ সহ্য করে আমি তোমার পাশে ছিলাম। আর এখন তুমি জানো না যে তুমি ‘একগামী’ থাকতে পারবে কিনা? আমার এখন একটা লম্বা বিরতি দরকার। বিদায় সবাই।’
সম্পর্কের শুরু ও ভাঙন
২০২৫ সালের ১৬ জুলাই নিউইয়র্ক সিটিতে মেগানের ‘পিট অ্যান্ড থমাস ফাউন্ডেশন গালা’-তে এই যুগলকে প্রথমবার রেড কার্পেটে একসঙ্গে দেখা গিয়েছিল। সেখানে মেগান ক্লের ভূয়সী প্রশংসাও করেছিলেন। ভক্তরা ধারণা করেছিলেন এই বন্ধন বেশ শক্ত, কিন্তু শেষ পর্যন্ত ক্লে-র বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ সেই আশায় জল ঢেলে দিল।
তবে এখন পর্যন্ত ক্লে থম্পসনের পক্ষ থেকে এই বিচ্ছেদ বা মেগানের করা অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেখানকার সংবাদমাধ্যমগুলো তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি।



