৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা
৭৮তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। বুধবার (৮ জুলাই) প্রকাশিত মনোনয়ন তালিকায় চমক ও রেকর্ড দেখা গেছে। টেলিভিশন জগতের অস্কারখ্যাত এই আয়োজনে সঞ্চালনা করবেন মারিসকা হারগিটে, যিনি বিখ্যাত আমেরিকান পরিচালক, প্রযোজক ও অভিনেত্রী।

সর্বাধিক মনোনয়ন: ‘দ্য পিট’ ও ‘হ্যাকস’

এবারের এমিতে সর্বাধিক মনোনয়ন পেয়েছে মেডিকেল ড্রামা সিরিজ ‘দ্য পিট’—মোট ২৫টি। সেরা ড্রামা সিরিজ, অভিনয়, পরিচালনা, চিত্রনাট্যসহ বিভিন্ন কারিগরি বিভাগে শক্ত অবস্থান তৈরি করেছে সিরিজটি। অন্যদিকে কমেডি সিরিজ ‘হ্যাকস’ পেয়েছে ২৪টি মনোনয়ন, যা যেকোনো কমেডি সিরিজের জন্য সর্বোচ্চ। এর আগে কোনো কমেডি সিরিজ এত মনোনয়ন পায়নি।

ডেভিড অ্যাটেনবরোর রেকর্ড

আউটস্ট্যান্ডিং ন্যারেটর বিভাগে মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো। ১০০ বছর বয়সে এই মনোনয়ন তাকে এমির ইতিহাসে সবচেয়ে প্রবীণ মনোনীত ব্যক্তিতে পরিণত করেছে। নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘আ গোরিলা স্টোরি: টোল্ড বাই ডেভিড অ্যাটেনবরো’র জন্য তিনি এই মনোনয়ন পেয়েছেন। অতীতে এই বিভাগে তিনবার এমি জিতেছেন অ্যাটেনবরো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য সিরিজ ও বিভাগ

নতুন সিরিজ ‘উইডোজ বে’ পেয়েছে ১৯টি এবং ‘প্লুরিবাস’ অর্জন করেছে ১৮টি মনোনয়ন। সেরা ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য পিট’-এর সঙ্গে মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘প্যারাডাইস’, ‘সেভারেন্স’, ‘স্লো হর্সেস’, ‘টাস্ক’ ও ‘দ্য লাস্ট অব আস’। সেরা কমেডি সিরিজ বিভাগে ‘হ্যাকস’ ছাড়াও রয়েছে ‘দ্য বেয়ার’, ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘প্লুরিবাস’, ‘শ্রিংকিং’ ও ‘উইডোজ বে’। লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’, ‘ডিটিএফ সেন্ট লুইস’ ও ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’।

অভিনয় বিভাগের মনোনয়ন

কমেডি সিরিজে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ইয়াহিয়া আবদুল, স্টিভ ক্যারেল, ম্যাথিউ রেইস, জেসন সেজেল ও মার্টিন শর্ট। অভিনেত্রীর দৌড়ে রয়েছেন কুইন্টা ব্রানসন, আয়ো এদেবিরি, এলে ফ্যানিং, লিসা কুদ্রো ও জন স্মার্ট। ড্রামা সিরিজে অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন নোয়া ওয়াইল, স্টার্লিং কে ব্রাউন, মার্ক রাফালো, গ্যারি ওল্ডম্যান ও রুফাস সিওয়েল। আর ড্রামা সিরিজে সেরা অভিনেত্রীর তালিকায় রয়েছেন জেনডায়া, কেরি রাসেল, বেলা র্যামজি, ক্যারি কুন ও শ্যারন হরগান।