খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ নিহত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার ইসলামপুরে হর্টিকালচার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত ইউপিডিএফ গণতান্ত্রিক নেতার নাম মো. ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য। সংগঠনটির দাবি, এ হত্যাকাণ্ডে ইউপিডিএফ (প্রসীত) জড়িত।

সংগঠনের বক্তব্য

জানতে চাইলে ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, ‘ইমন হোসেন আমাদের সংগঠনের সহযোগী সদস্য। তাঁর স্ত্রী অসুস্থ থাকায় গতকাল বুধবার তিনি বাড়ি যান। সকালে তিনি পানছড়ি বাজারে আসার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষা করছিলেন। তখনই একটি মাহিন্দ্রা গাড়িতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রসীত গ্রুপের বক্তব্য

তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানতে চেয়ে সংগঠনটির অন্যতম সংগঠক অংগ্য মারমাকে একাধিকবার কল করা হয়। তবে তাঁর মুঠোফোনের সংযোগ পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে এসেছে। নিহত যুবক কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আঞ্চলিক দলের সদস্য এমনটি শোনা যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ