মেহেরপুরের গাংনী উপজেলায় এক ব্যক্তির বাড়ির ফটক থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল নয়টায় উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেঁতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন পলাশের বাড়ির প্রধান ফটকের সামনে কালো টেপে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে গাংনী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
বস্তুটির অবস্থা
পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি কালো টেপ দিয়ে মোড়ানো এবং দেখতে ককটেলের মতো। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কোনো পক্ষ এটি রেখে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর গাংনী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এ পর্যন্ত ১১টি বোমা ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
চিরকুটের বার্তা
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, কালো টেপে মোড়ানো ওই বস্তুর গায়ে সাদা কাগজে কিছু লেখা দেখা গেছে। এতে লেখা হয়েছে, ‘হাত দিলে বাসস্টো, ভালো থাকিস। বাই, বাই।’
পুলিশের তদন্ত
বস্তুটি বর্তমানে থানা হেফাজতে আছে জানিয়ে গাংনী থানার পুলিশ কর্মকর্তা আল মামুন বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



