মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের লাশ আগামী মঙ্গলবার (১৯ মে) দেশে আনার কথা রয়েছে। ওই উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন সুমন এ তথ্য নিশ্চিত করেন।
তদন্ত শুরু করেছে ওমান পুলিশ
তিনি স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে জানান, গাড়ির ভেতর থেকে চার প্রবাসী ভাইয়ের লাশ উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে ওমান পুলিশ। প্রবাসীরা বলেছে, গাড়ি চালু থাকা অবস্থায় এটির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসগ্রহণের ফলে ওই চার জনের মৃত্যু হয়েছে। এমন ধারণা করছে সে দেশের পুলিশ। তাদের লাশ আগামী মঙ্গলবার দেশে আনার সম্ভাবনা রয়েছে।
অসুস্থ মাকে কিছুই জানানো হয়নি
স্থানীয়রা জানান, নিহতদের বৃদ্ধা মা বর্তমানে গুরুতর অসুস্থ। চার সন্তানের মৃত্যুর খবর তিনি সইতে পারবেন না বিধায় তাকে এখনও এ বিষয়ে কিছুই জানানো হয়নি। নিহত চার ভাই হলেন- রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের বাবার নাম মৃত জামাল উদ্দিন। রাশেদুল ও শাহেদুল বিবাহিত ছিলেন। সিরাজুল ও শহিদুল ছিলেন অবিবাহিত।
শুক্রবার (১৫ মে) রাশেদুল ও শাহেদুলের একসঙ্গে দেশে ফেরার কথা ছিল। সেই বাড়িতে এখন চার ভাইয়ের লাশের অপেক্ষায় চলছে শোকের মাতম।
তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের ছেলে। পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার জনই ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। আরেক ভাই এনাম দেশে রয়েছেন। পরিবারে আছেন অসুস্থ বৃদ্ধা মা।
এর আগে গত মঙ্গলবার (১২ মে) ওমানের মুলাদ্দাহ এলাকায় পার্কিংয়ে থাকা গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের লাশ উদ্ধার করে সে দেশের পুলিশ।
এ প্রসঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় এমপি মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন। আশা করছি, আগামী মঙ্গলবার অথবা বুধবার তাদের লাশ দেশে আনার কথা রয়েছে।



