শাহ আলী মাজারে হামলা: টিআইবির কঠোর পদক্ষেপের দাবি
শাহ আলী মাজারে হামলা: টিআইবির কঠোর পদক্ষেপের দাবি

রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে বৃহস্পতিবার মধ্যরাতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল ব্যক্তি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এই হামলা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। সরকারকে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সহাবস্থান রক্ষায় জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।

টিআইবির বিবৃতিতে যা বলা হয়েছে

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। বরং এটি সুপরিকল্পিতভাবে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা, যাতে আবহমান বাঙালির উদারনৈতিক লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার ক্ষেত্র এবং মাধ্যমগুলো ধ্বংস হয়। এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তি বিকশিত হতে পারে, যা দেশবাসীর জন্য অশনিসংকেত।

বিএনপি সরকারের দায়িত্ব

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনার ধারক শক্তি হিসেবে বিপুল জনসমর্থনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বিএনপি। তাদের আমলে বহু সংস্কৃতি ও বহু ধর্মী বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার প্রত্যাশা থাকবে। পাশাপাশি এ দেশের চিরায়ত সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও সামাজিক বৈচিত্র্যের সহাবস্থান পরিপন্থী ধ্বংসাত্মক অপতৎপরতা প্রতিরোধের দায়িত্বও তাদের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী ঘটনার প্রসঙ্গ

এর আগে সংঘটিত বিভিন্ন হামলার ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনা জরুরি বলে উল্লেখ করে টিআইবি। তারা বলেছে, এর আগে বাউল, সাধক ও মাজারে আক্রমণ ও সহিংস নানা ঘটনার ক্ষেত্রে ন্যায়বিচারের ন্যূনতম দৃষ্টান্ত ছিল না। যদি থাকত, তাহলে শাহ আলীর মাজারের ঘটনা এড়ানো যেত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামায়াতের ভূমিকা প্রসঙ্গে

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এ হামলার ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তারা তা প্রত্যাখ্যান করেছে। তবে এই প্রত্যাখ্যান যথেষ্ট নয়। বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের চেতনার পাশাপাশি এ দেশের চিরায়ত সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও সামাজিক বৈচিত্র্যের সহাবস্থানের গৌরবোজ্জ্বল সংস্কৃতির প্রতি জামায়াত ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। একই সঙ্গে জামায়াতকে নিজ দল ও অঙ্গসংগঠনের যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।

ঘটনার বিবরণ

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক জলসা চলাকালে রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনের কয়েক শ বছরের প্রাচীন শাহ আলীর মাজারে একদল লোক লাঠিসোঁটা হাতে হামলা চালায়। হামলার একাধিক ভিডিও-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।