ঈদুল আজহার আনন্দে কিছুটা ভাটা পড়তে পারে প্রতিকূল আবহাওয়ার কারণে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, অপরদিকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকার আবহাওয়া
আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ জানিয়েছেন, ঈদের সকালে ঢাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলে অপেক্ষাকৃত শান্ত আবহাওয়া থাকলেও সন্ধ্যা বা রাতে আবার বৃষ্টি ফিরে আসতে পারে।
নিম্নচাপের সম্ভাবনা
এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে, যা ঈদের পরেও দুই থেকে তিন দিন বৃষ্টি অব্যাহত রাখতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।



