পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুতি জোরদার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, কোরবানির প্রথম দিনের সব বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর সহযোগিতা কামনা
প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে যেমন রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি থাকে, তেমনি বৃষ্টির সময় জলাবদ্ধতার পরিস্থিতিও ভয়াবহ হতে পারে। তিনি জানান, ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী আট ঘণ্টার মধ্যেই প্রথম দিনের বর্জ্য পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিতরণ করা হচ্ছে ব্যাগ ও জীবাণুনাশক
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, এই কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের সচেতন করতে এবং বর্জ্য ব্যবস্থাপনা সহজ করতে এবার ডিএসসিসির পক্ষ থেকে ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার এবং ১ হাজার ৫০ লিটার স্যাভলন বিতরণ করা হচ্ছে। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রেখে দিলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সেগুলো সংগ্রহ করবে।
এছাড়া, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামও সরবরাহ করা হয়েছে। ডিএসসিসি আশা করছে, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণে এবারের কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সফল হবে এবং রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।



