ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে। আজকের ফলাফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে। সবচেয়ে বেশি নজর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াইয়ে।
ভোট গণনার সময়সূচি ও নিরাপত্তা ব্যবস্থা
সোমবার (৪ মে) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ শেষে আজ কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। আগের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি, ফলে এবার ৩১টি কেন্দ্র কমেছে। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্থাপন করা হয়েছে সবচেয়ে বড় গণনাকেন্দ্র, যেখানে মহানগরের ১১টি আসনের মধ্যে ৭টির ফল গণনা করা হচ্ছে।
প্রথমে ডাকযোগে (পোস্টাল ব্যালট) দেওয়া ভোট গণনা করা হচ্ছে, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট গণনা শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তার মধ্যে গণনাকেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। অনুমোদিত গণনাকারী প্রতিনিধিদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে। তবে তাদের মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে; কেবল নির্বাচনী কর্মকর্তারাই মোবাইল ব্যবহার করতে পারছেন।
প্রধান লড়াই ও প্রার্থীরা
সবচেয়ে আলোচিত লড়াই হিসেবে দেখা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বিতা। এই দুই নেতার ফলাফলের ওপরই অনেকাংশে নির্ভর করছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। এ ছাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে ফিরহাদ হাকিম, দেবাশীষ কুমার, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাঁজা ও মধুপর্ণা ঠাকুরের ফলাফলের দিকেও নজর রয়েছে। বিজেপির প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং, তরুণজ্যোতি তিওয়ারি ও রত্না দেবনাথ-এর ফলাফল নিয়েও আগ্রহ রয়েছে।
এ ছাড়া বাম, কংগ্রেস ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যেও আলোচনায় আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়নদ্বীপ মিত্র, অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম, আবদুর রাজ্জাক মোল্লা এবং নওশাদ সিদ্দিকী।
ফলাফলের সম্ভাব্য সময়
দুপুর ১২টার মধ্যে ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে পারে, তবে কিছু কেন্দ্রে গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে। সূত্র: আনন্দবাজার পত্রিকা



