পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে মিষ্টি-ঝালমুড়ি বিতরণ: মোদি
পশ্চিমবঙ্গে বিজেপি জিতলে মিষ্টি-ঝালমুড়ি বিতরণ: মোদি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্য সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি নদীয়ার কৃষ্ণনগরের বিশাল জনসভায় যোগ দেন। সেখানে ভোট গ্রহণ ২৯ এপ্রিল।

জনসভায় মোদির বক্তব্য

জনসভায় যোগ দিয়ে মোদি বলেন, এই জনজোয়ার আজ বাংলাকে ইঙ্গিত দিচ্ছে বাংলায় আসছে বিজেপি, চলে যাচ্ছে তৃণমূল। আর এই বাংলায় ভয় আউট হচ্ছে, ইন হচ্ছে ভরসা। ওই সভা থেকে নির্বাচন কমিশনের পক্ষে কথা বলতে দেখা যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পাশাপাশি একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন, তেমনি দিন কয়েক আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে তার ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গও টেনে আনেন।

তিনি বলেন, ‘ঝালমুড়ি খেয়েছিলাম আমি কিন্তু ঝাল লেগেছে টিএমসির (তৃণমূলের)। ঝালমুড়ি ওদের অনেককে ঝটকা দিয়েছে।’ প্রধানমন্ত্রীকে এই সভায় রসিকতাও করতে দেখা যায়। তিনি বলেছেন, ‘বিজেপি জিতলে মিষ্টি বিতরণ করা হবে, ঝালমুড়িও বিতরণ করা হবে। তাই এখন দেখছি, এই বাংলায় পরিবর্তনের ঝড় শুরু হয়ে গেছে। ৪ মের পর বাংলায় বিজেপির সরকার হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নির্বাচন কমিশনের প্রশংসা

তিনি বলেন, গত পঞ্চাশ বছরে এটাই প্রথম নির্বাচন, যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটের সময় বিশৃঙ্খলা দেখা যায় এবং সহিংসতাও হয়, কিন্তু নির্বাচন কমিশন এবারে তেমনটা হতে দিচ্ছে না। মোদি বলেন, ‘আমি এ বিষয়ে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। তারা পশ্চিমবঙ্গের মাটিতে আরও একবার লোকতন্ত্রের প্রতিষ্ঠা করেছে। ভোট শান্তিপূর্ণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বড় কৃতিত্ব রয়েছে। আমি সরকারি কর্মচারীদেরও অভিনন্দন জানাচ্ছি, কারণ তারাও নিজেদের দায়িত্ব পালন করেছেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঝালমুড়ি প্রসঙ্গ

দিন কয়েক আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তৃণমূলসহ বিরোধীরা সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করতে ছাড়েনি। কৃষ্ণনগরের সভা থেকে তারই জবাব দেন মোদি।