ইউরোপে বিরল পূর্ণ সূর্যগ্রহণ ১২ আগস্ট, দেখবেন কোথায়?
ইউরোপে বিরল পূর্ণ সূর্যগ্রহণ ১২ আগস্ট

ইউরোপ, উত্তর আটলান্টিক ও আর্কটিকের কিছু অংশে আগামী ১২ আগস্ট একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি এই দশকের সবচেয়ে আকর্ষণীয় মহাজাগতিক ঘটনাগুলোর একটি। লাখ লাখ মানুষ এই দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কোথায় দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ?

ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) জানিয়েছে, গ্রহণের পথটি আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড এবং স্পেনের বড় অংশের ওপর দিয়ে যাবে। এসব এলাকায় অবস্থানকারীরা কয়েক মিনিটের জন্য চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলবে, তখন দিনের বেলাতেই অন্ধকার নেমে আসার বিরল দৃশ্য দেখতে পাবেন। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের বিস্তীর্ণ এলাকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এ নিয়ে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী, বিজ্ঞানী এবং পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বিশেষ করে স্পেন ও আইসল্যান্ডে গ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে বলে জানা গেছে।

পর্যটকদের জন্য প্রস্তুতি

স্পেনের যেসব শহর ও অঞ্চলে পূর্ণ গ্রহণ দৃশ্যমান হবে, সেখানকার হোটেলগুলোতে ইতিমধ্যেই বুকিংয়ের ধুম পড়ে গেছে। অনেক হোটেল প্রায় পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও ট্যুরিজম সংস্থাগুলো বিপুলসংখ্যক পর্যটক সামলাতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আংশিক সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে?

এছাড়া ইউরোপের বড় অংশ, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং উত্তর আমেরিকার কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো দেশগুলোতেও আংশিক গ্রহণ উপভোগ করা যাবে।

নিরাপত্তা সতর্কতা

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, গ্রহণ দেখার সময় অবশ্যই সঠিক সার্টিফায়েড সূর্যগ্রহণ চশমা ব্যবহার করতে হবে। খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তবে পূর্ণ গ্রহণের সময় যখন সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যাবে, তখন খালি চোখে দেখা নিরাপদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ

এই সূর্যগ্রহণের পর ২০২৭ সালের ২ আগস্ট আরেকটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে, যা মিসরসহ বেশ কয়েকটি আরব দেশ থেকে ভালোভাবে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: এএফপি