রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সি মেয়ে সাফিয়া আহত হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। সকালে মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল এ তথ্য জানান।
উদ্ধার ও চিকিৎসা
স্বজনরা সুমনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হয়, তবে বর্তমানে সে সুস্থ রয়েছে।
স্থানীয় প্রতিক্রিয়া
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে।



