তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। তিরুপাত্তুর আসনে রাজ্যের সমবায়মন্ত্রী ও দ্রাবিড় মুনেত্র কাজগমের (ডিএমকে) প্রভাবশালী নেতা কেআর পেরিয়াকারুপ্পান মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত সরকারি ফলাফলের ভিত্তিতে এই তথ্য দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভোটগণনার হাড্ডাহাড্ডি লড়াই
প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)-এর প্রার্থী শ্রীনিবাস সেতুপতি ৮৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে জয় লাভ করেন। অপরদিকে, ডিএমকের প্রার্থী পেরিয়াকারুপ্পান পান ৮৩ হাজার ৩৭৪ ভোট। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। এ আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী কেসি থিরুমারান ২৯ হাজার ৫৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।
ভোটগণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল। শেষ দফার আগের রাউন্ড পর্যন্ত মন্ত্রী পেরিয়াকারুপ্পান ৩০ ভোটে এগিয়ে ছিলেন। তবে চূড়ান্ত গণনায় টিভিকে প্রার্থী ১ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন।
টিভিকের ক্রমবর্ধমান শক্তি
একজন মন্ত্রীর এই হার তামিলনাড়ুর রাজনীতিতে টিভিকের ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দেয়। এবারের নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে থালাপতি বিজয়ের দল একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে, যা রাজ্যের দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিতে বড় ধাক্কা দিয়েছে।



