তামিলনাড়ুর রাজনীতির ক্ষমতার লড়াই এখন ‘সংখ্যার খেলায়’ রূপ নিয়েছে। নতুন সরকার গঠনের দাবি জানাতে ১১২ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজভবনে গিয়েছিলেন টিভিকে প্রধান ও অভিনেতা থালাপতি বিজয়। তবে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। তিনি বিজয়কে অন্তত ১১৮ জন বিধায়কের সমর্থন নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
নির্বাচনি ফলাফল ও বর্তমান অবস্থান
নির্বাচনি অভিষেকে চমক দেখিয়ে ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে তিনি এখনো ১০টি আসন দূরে। এই অবস্থায় বিজয়কে এখন সমর্থনের জন্য অন্যান্য দলের ওপর নির্ভর করতে হচ্ছে।
কংগ্রেসের সমর্থন ও সময়ের আবেদন
সূত্রের খবর অনুযায়ী, বিজয়ের পক্ষে কংগ্রেসের ৫ জন বিধায়ক সমর্থন দেবেন বলে তিনি মৌখিকভাবে রাজ্যপালকে জানিয়েছেন। তবে এই সমর্থন নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সংখ্যা পূরণ করতে তিনি রাজ্যপালের কাছে আরও কিছুটা সময় চেয়েছেন।
জোটের শরিকদের অবস্থান অনিশ্চিত
এদিকে ডিএমকে নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ডিএমকের দীর্ঘদিনের মিত্র দল ভিসিকে বৃহস্পতিবার সকাল ১০টায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে। ওই বৈঠকের পরই তারা বিজয়কে সমর্থন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
বাম দলগুলোর সিদ্ধান্ত স্থগিত
অন্যদিকে বাম দলগুলো তাদের সিদ্ধান্তের কথা আগামী শুক্রবার (৮ মে) পর্যন্ত স্থগিত রেখেছে। ভিসিকে ও বাম দল উভয়েই বর্তমানে ডিএমকে নেতৃত্বাধীন সেক্যুলার প্রগ্রেসিভ অ্যালায়েন্সের (এসপিএ) অংশ।



