পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশ ইতোমধ্যে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে আগামী ২৭ মে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ঈদ উদযাপন ২৮ মে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের ক্যালেন্ডার
জানা গেছে, সৌদি সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সৌদির ক্যালেন্ডারে লেখা আছে, আগামী ১৬ মে দেশটিতে আরবি জিলকদ মাসের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ মে।
পাকিস্তানের অবস্থান
এদিকে পাকিস্তান জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। আর যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হবে বলে জানিয়েছে শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের হিসাবে হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।
বাংলাদেশের সম্ভাবনা
দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।



