ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর শুরু আজ
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর শুরু আজ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার (৫ মে) তেহরান ত্যাগ করে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র আমন্ত্রণে এই সফরে তিনি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সফরের মূল লক্ষ্য

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এই সফরে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে চীনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে যে সংঘাত শুরু হয়েছে, তা নিরসনে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোই এই সফরের প্রধান লক্ষ্য।

চীনের মধ্যস্থতাকারী ভূমিকা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা বর্তমানে স্থবির। এই পরিস্থিতিতে চীনের মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং যুদ্ধের সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় নিজেকে নির্ভরযোগ্য কূটনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আরাগচির এই সফর চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাবকে কাজে লাগিয়ে যুদ্ধ শেষ করতে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: আল-জাজিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ