টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে ভাই, ওডিশায় চাঞ্চল্য
টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে ভাই

ভারতের ওডিশায় এক ব্যক্তি তার মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ঘটনার বিবরণ

জানা গেছে, জিতু মুন্ডা (৫০) নামের ওই ব্যক্তি দিয়ানালি গ্রামের বাসিন্দা। তিনি তার বড় বোন কালরা মুন্ডার (৫৬) ব্যাংক হিসাব থেকে ২০ হাজার রুপি উত্তোলনের জন্য ব্যাংকে যান। কালরা মুন্ডা চলতি বছরের ২৬ জানুয়ারি মারা যান।

জিতু মুন্ডা দাবি করেছেন, বারবার অনুরোধের পরও ব্যাংক কর্তৃপক্ষ তার কথা শোনেনি। তিনি বলেন, “আমি বহুবার ব্যাংকে গেছি। তারা আমাকে বলেছে, অ্যাকাউন্টধারীকে নিয়ে আসতে হবে টাকা তুলতে। আমি বলেছি, সে মারা গেছে, কিন্তু তারা শোনেনি। তাই বাধ্য হয়ে আমি কবর খুঁড়ে তার কঙ্কাল নিয়ে এসেছি, যেন প্রমাণ দিতে পারি যে সে আর বেঁচে নেই।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যাংকের ব্যাখ্যা

ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার পর এক দিন পর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক একটি ব্যাখ্যা দিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থ উত্তোলনের জন্য মৃত ব্যক্তির শারীরিক উপস্থিতি চাওয়া হয়নি। ব্যাংকের দাবি, তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে এই অদ্ভুত ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশের বক্তব্য

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাতনা থানার ওসি কিরণ প্রসাদ সাহু। তিনি বলেন, “জিতু একজন অশিক্ষিত আদিবাসী মানুষ। তিনি ‘লিগ্যাল হেয়ার’ বা বৈধ উত্তরাধিকার কিংবা নমিনি সংক্রান্ত বিষয় সম্পর্কে জানেন না। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষও তাকে সঠিকভাবে পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে বলতে ব্যর্থ হয়েছে।”

সূত্র: ইন্ডিয়ান টুডে

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ