ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালি ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
হরমুজ প্রণালি ও চলমান আলোচনা
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং এর নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থা নিয়ে তেহরান ও মাসকাটের চলমান আলোচনার অংশ হিসেবে এই সফর করছেন আরাগচি। জানা গেছে, গত দুই মাস ধরে এ বিষয়ে ইরান ও ওমানের মধ্যে ধারাবাহিক আলোচনা চলছে।
ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর ব্যবস্থাপনা পরিচালনা করা তাদের সার্বভৌম অধিকার।
যুক্তরাষ্ট্রের প্রতি অভিযোগ
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের অতীতের ইতিহাস হলো বিভিন্ন চুক্তি লঙ্ঘন বা ভঙ্গ করা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান নতুন করে কোনো আলোচনার অনুরোধ করেনি। তবে মধ্যস্থতাকারীরা তেহরানে এলে তাদের স্বাগত জানানো হবে।
বাঘেইর অভিযোগ, যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে এবং ইরানের তেল রপ্তানির ক্ষেত্রে দেওয়া ছাড় (এক্সেম্পশন) প্রত্যাহার করে সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করেছে।



