পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের অধিকাংশ দেশে দিনটি পালিত হচ্ছে লাল পতাকার মিছিলে মিছিলে, শ্রমিকসমাবেশ এবং অধিকার আদায়ের শপথে। অথচ যে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রক্তাক্ত শ্রমিক আন্দোলন থেকে মে দিবসের জন্ম, সেই আমেরিকা ও প্রতিবেশী কানাডায় দিনটি কাটছে অন্য সব সাধারণ কর্মদিবসের মতোই। আফিস-আদালত খোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে হচ্ছে ক্লাস।
শিকাগোর হে-মার্কেটের রক্তাক্ত ইতিহাস
১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেট স্কয়ারে দৈনিক আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে হাজারো শ্রমিক আন্দোলনে নামেন। ৪ মে অনুষ্ঠিত সমাবেশে বোমা বিস্ফোরণ এবং পরবর্তী সংঘর্ষে শ্রমিক ও পুলিশ—উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনা স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে পয়লা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
কেন আমেরিকায় পয়লা মে সরকারি ছুটি নয়?
যুক্তরাষ্ট্রে দিনটি কখনোই সরকারি ছুটির মর্যাদা পায়নি। ইতিহাসবিদদের মতে, এর পেছনে রয়েছে রাজনৈতিক ও আদর্শিক কারণ। হে-মার্কেট ঘটনার পর মার্কিন প্রশাসন ও শিল্পপতিরা আশঙ্কা করেছিলেন যে পয়লা মে সরকারি স্বীকৃতি পেলে তা শ্রমিকদের মধ্যে আরও তীব্র আন্দোলনের প্রতীক হয়ে উঠতে পারে। পরে শীতল যুদ্ধের সময় পয়লা মেকে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর শক্তিপ্রদর্শনের দিন হিসেবে দেখা হতো। এই প্রেক্ষাপটে ১৯৫৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ার পয়লা মেকে ‘লয়্যালটি ডে’ হিসেবে স্বীকৃতি দেন। এর উদ্দেশ্য ছিল শ্রমিক আন্দোলনের চেতনাকে দেশপ্রেমের আড়ালে ঢাকা দেওয়া।
সেপ্টেম্বরের লেবার ডে-র উৎপত্তি
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শ্রমিক দিবস পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। ২০২৬ সালে দিনটি পড়েছে ৭ সেপ্টেম্বর। এই তারিখের ইতিহাসও পুরোনো। ১৮৮২ সালে নিউইয়র্কে সেন্ট্রাল লেবার ইউনিয়ন সেপ্টেম্বর মাসে প্রথম শ্রমিক প্যারেড আয়োজন করে। পরে ১৮৯৪ সালে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড সেপ্টেম্বরের প্রথম সোমবারকে ‘লেবার ডে’ হিসেবে ফেডারেল ছুটি ঘোষণা করেন। কানাডার নিজস্ব শ্রমিক আন্দোলনের ইতিহাস থাকলেও পরবর্তী সময়ে একই তারিখে ‘লেবার ডে’ পালনের ধারা অনুসরণ করে।
বর্তমান প্রেক্ষাপট
বর্তমানে উত্তর আমেরিকায় ‘লেবার ডে’ মূলত গ্রীষ্মকালীন ছুটির সমাপ্তির প্রতীক। এদিন পরিবার-পরিজনের সঙ্গে পিকনিক, বারবিকিউ পার্টি, কেনাকাটার বিশেষ ছাড় এবং বিভিন্ন ক্রীড়া আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে শ্রম–ইতিহাসবিদদের মতে, পয়লা মে এবং সেপ্টেম্বরের লেবার ডে—দুটি ভিন্ন ঐতিহাসিক চেতনার প্রতীক। পয়লা মে শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামের স্মারক, আর সেপ্টেম্বরের লেবার ডে শ্রমিকদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি।
শিকাগোর সেই হে-মার্কেটে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্মৃতিস্তম্ভ। শুধু নেই আমেরিকা- কানাডার সরকারি ক্যালেন্ডারে পয়লা মের ছুটির লাল চিহ্ন।



