সংঘাতে ধৈর্যের ঘাটতি: সমঝোতার পথেই শান্তির সন্ধান
সংঘাতে ধৈর্যের ঘাটতি: সমঝোতার পথেই শান্তি

বর্তমান বিশ্ব এক অস্থির সময় অতিক্রম করছে। যুদ্ধ, রাজনৈতিক মেরুকরণ, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু সংকট এবং সামাজিক বিভাজন দেশে দেশে মানুষের মনে ব্যাপক উদ্বেগ ও অস্থিরতা বাড়িয়েছে। এর প্রভাবে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বত্রই ধৈর্যের ঘাটতি ও সহনশীলতার সংকট দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে সামান্য মতভেদও বড় সংঘাতে রূপ নিচ্ছে। অথচ প্রতিটি সংকটের মধ্যেই সমাধানের পথ লুকিয়ে থাকে সংযম, ধৈর্য ও আপস-মীমাংসার মানসিকতায়।

চুয়াডাঙ্গার ঘটনা: একটি শিক্ষণীয় দৃষ্টান্ত

সম্প্রতি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের একটি ঘটনা এই সত্যকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে। পত্রিকান্তরে জানা যায়, দীর্ঘ ২৪ বছরেরও বেশি সময়ের বিরোধ, দফায় দফায় সংঘাত-সংঘর্ষ, মামলা-মোকদ্দমা ও সামাজিক বিভক্তির অবসান ঘটিয়ে দুই পক্ষ অবশেষে সমঝোতার পথে আসে। স্থানীয় পুলিশের ঐকান্তিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় সংঘটিত এই মহৎ উদ্যোগ শুধু একটি গ্রামের শান্তিই ফিরিয়ে আনে নি; গোটা সমাজের জন্য স্থাপন করেছে এক শিক্ষণীয় দৃষ্টান্ত। দীর্ঘদিনের শত্রুতা যেখানে ব্যর্থ হয়েছে, সংলাপ ও সদিচ্ছা সেখানে সফলতা অর্জন করেছে।

সংঘাত ও সমঝোতার ইতিহাস

মানবসভ্যতার ইতিহাস মূলত সংঘাত ও সমঝোতার ইতিহাস। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র বা আন্তর্জাতিক পরিমণ্ডল—প্রতিটি স্তরেই মতভেদ, স্বার্থের দ্বন্দ্ব ও বিরোধের উপস্থিতি স্বাভাবিক। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে যে, বলপ্রয়োগ, প্রতিশোধস্পৃহা বা প্রতিপক্ষকে মূলোৎপাটন বা পরাভূত করার প্রয়াস কোনো বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারে না। সংঘাতের অবসান হলেও তার ক্ষত ও বিষক্রিয়া দীর্ঘকাল সমাজ ও রাষ্ট্রজীবনে বহমান থাকে। পক্ষান্তরে, সংলাপ, সমঝোতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয় স্থায়ী শান্তি, সামাজিক স্থিতি এবং সভ্যতার অগ্রযাত্রা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ যুদ্ধ বা সংঘাত বহু রক্তপাত ঘটিয়ে শেষ পর্যন্ত নিষ্পত্তি লাভ করেছে আলোচনার টেবিলে। আন্তর্জাতিক রাজনীতিতে দেখা যায়, যুদ্ধ যত দীর্ঘায়িত হয়, মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতিও তত বাড়ে। তবে বিবদমান পক্ষগুলোকে শেষ পর্যন্ত ফিরে আসতে হয় আলোচনা ও সমঝোতার পথেই—এটাই যেন অনিবার্য নিয়ম।

আন্তর্জাতিক সংঘাতে সমঝোতার সাফল্য

বর্তমান বিশ্বের বিভিন্ন সংঘাত, বিশেষত মধ্যপ্রাচ্য বা পূর্ব ইউরোপের যুদ্ধ পরিস্থিতিও এই বাস্তবতার প্রতি ইঙ্গিত করে। যুদ্ধবিরতি, শান্তি আলোচনা বা কূটনৈতিক উদ্যোগ—সবকিছুই মূলত সমঝোতার পথ উন্মুক্ত করার প্রয়াস। ক্যাম্প ডেভিড চুক্তি, গুড ফ্রাইডে চুক্তি, গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ বা সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা—সবই আপসরফির মাধ্যমে সত্যের সাক্ষ্য বহন করে।

ব্যক্তিজীবনে সমঝোতার গুরুত্ব

ব্যক্তিজীবনেও সমঝোতার গুরুত্ব অনস্বীকার্য। পরিবার, কর্মক্ষেত্র বা সামাজিক সম্পর্কে অহংকার ও অনমনীয়তা অনেক সময় দূরত্ব ও বিরোধ সৃষ্টি করে। পক্ষান্তরে, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও পরস্পরের অবস্থান বোঝার মানসিকতা সম্পর্ককে করে তোলে মসৃণ ও সুদৃঢ়।

ধর্মীয় শিক্ষায় সমঝোতার বার্তা

ধর্মীয় শিক্ষাও কি আমাদের একই বার্তা প্রদান করে না? ইসলাম ধর্ম ধৈর্য, সংযম এবং শান্তিপূর্ণ সমাধানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। পবিত্র কোরআনে ধৈর্যশীলদের জন্য সুসংবাদের কথা বলা হয়েছে এবং বিবাদ নিরসনে ন্যায়ভিত্তিক মীমাংসাকে উৎসাহিত করা হয়েছে। মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনেও বহু দৃষ্টান্ত রয়েছে, যেখানে তিনি প্রতিশোধের পরিবর্তে আপস, সহনশীলতা ও প্রজ্ঞার মাধ্যমে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠা করেছেন। প্রসঙ্গত, হুদাইবিয়ার সন্ধি-সমঝোতার কথা স্মরণ করা যায়, ইসলামের ইতিহাসে যা এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপাতদৃষ্টিতে কঠিন ও অসম শর্ত সত্ত্বেও মহানবি (সা.) বৃহত্তর শান্তি ও কল্যাণের স্বার্থে সেই চুক্তি গ্রহণ করেন। পরবর্তীকালে এটি ইসলামের জন্য এক যুগান্তকারী সাফল্যের দ্বার উন্মোচন করে। এই ঘটনা শিক্ষা দেয়, ধৈর্য ও সমঝোতা কখনো দুর্বলতা নয়, বরং তা দূরদর্শী নেতৃত্বের পরিচায়ক।

উপসংহার: সমঝোতার সংস্কৃতি জরুরি

এই সব ঘটনা বা ইতিহাসের চর্চা আমাদের জীবনপথের নানাবিধ সমস্যা-সংকটে পাথেয়। অতএব, বিরোধের আগুনে ঘৃতাহুতি না দিয়ে, বরং সংলাপের দ্বার উন্মুক্ত রাখাই হোক সকল ক্ষেত্রে টেকসই সমাধানের পথ। এই কারণেই আজকের অস্থির-সংঘাতময় বিশ্বে ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল—সর্বত্র সমঝোতার সংস্কৃতি প্রতিষ্ঠা এবং তার প্রতি অবিচল আনুগত্য অপরিহার্য। মনে রাখতে হবে, স্থায়ী বিজয় কখনো ধ্বংসের মাধ্যমে আসে না; এটি আসে পারস্পরিক বোঝাপড়া ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়েই, যা চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।