শ্রীলংকার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ১১০ কেজি (প্রায় ২৪২ পাউন্ড) গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে সেখানকার কাস্টমস কর্মকর্তারা। শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে ফেরার পথে তল্লাশিকালে তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ উচ্চশক্তির ‘কুশ’ নামক মাদক উদ্ধার করা হয়।
কীভাবে লুকানো হয়েছিল মাদক?
কর্মকর্তারা জানান, প্রতিটি লাগেজের ভেতর কৃত্রিম দেয়াল তৈরি করে প্রায় ৫ কেজি করে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। এই মাদকগুলো শিক্ষা উপকরণ এবং মিষ্টির প্যাকেটের ভেতরে রাখা ছিল যাতে কারো নজরে না আসে।
ভিক্ষুরা কী জানতেন?
গ্রেফতারকৃত ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। তারা একজন নামহীন স্পন্সরের অর্থায়নে চার দিনের থাইল্যান্ড ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন। এই ভ্রমণের আয়োজক হিসেবে পরিচিত আরেকজন ভিক্ষুকে কলম্বোর উপকণ্ঠ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদমাধ্যম বিসিসি সিনহালাকে পুলিশ জানায়, ওই ভিক্ষু নিজে ভ্রমণে যাননি, তবে তিনি অন্যদের বলেছিলেন যে এই পার্সেলগুলো ‘দান’ হিসেবে পাঠানো হচ্ছে এবং বিমানবন্দরে একটি ভ্যান এসে এগুলো সংগ্রহ করবে।
তদন্তে নতুন তথ্য
তদন্তকারী কর্মকর্তারা ভিক্ষুদের মোবাইল ফোনে সাধারণ পোশাকে ছুটি কাটানোর ছবি ও ভিডিও খুঁজে পেয়েছেন। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ভিক্ষুরা সম্ভবত জানতেন না যে তাদের ব্যাগে আসলে কী রয়েছে। তাদের অজান্তেই তাদের বাহক হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে।
শ্রীলংকার ইতিহাসে নজিরবিহীন
শ্রীলংকার ইতিহাসে এর আগে কখনো বিমানবন্দরে এত বড় সংখ্যক ভিক্ষু মাদক পাচারের অভিযোগে একসঙ্গে ধরা পড়েননি। রোববার (২৬ এপ্রিল) তাদের আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন। শ্রীলংকা পুলিশের নারকোটিক্স ব্যুরো পুরো চক্রটিকে শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।



