রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচতলায় বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ান ও এক দারোয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন- ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন (৫০) এবং ভবনটির দারোয়ান আমির হোসেন (৫৫)। দেলোয়ার হোসেনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হাসনাবাদ এলাকায়। তিনি মৃত আব্দুল বেপারীর ছেলে। অন্যদিকে আমির হোসেনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানায়। তিনি মৃত মো. আলীর ছেলে।
ঘটনার বিবরণ
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচতলার আন্ডারগ্রাউন্ড অংশে দেলোয়ার হোসেন বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করছিলেন। এ সময় আমির হোসেন তাকে কাজে সহযোগিতা করছিলেন। ওয়ারিংয়ের কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনই ঘটনাস্থলেই অচেতন হয়ে আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকেন।
একপর্যায়ে সেখানে কর্মরত এক রাজমিস্ত্রি আন্ডারগ্রাউন্ডে গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে রাত ৮টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেলোয়ার হোসেন ও আমির হোসেনের লাশ উদ্ধার করে।
তদন্ত ও ময়নাতদন্ত
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ওয়ারিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তাদের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে।



