স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু, পোলিও, হান্টাসহ আরও অনেক রোগ বর্তমানে দেশে হুমকি হয়ে দেখা দিয়েছে। বুধবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পোলিও টিকা প্রদান অনুষ্ঠান
চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা দেওয়া উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোগ মোকাবিলায় চ্যালেঞ্জ
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হামের টিকার ব্যবস্থা থাকলেও এখন সামনে ডেঙ্গু, পোলিও, হান্টাসহ অনেক রোগ চোখ রাঙাচ্ছে। এগুলো মোকাবিলা করা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পোলিও, যক্ষ্মাসহ যেসব রোগের টিকার ঘাটতি নেই, সেগুলোর টিকা কার্যক্রম চলমান রয়েছে।”
শিশুদের টিকাদান অগ্রগতি
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি যারা আছে, তাদের শিগগিরই টিকা দেওয়া হবে।” শিগগিরই ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে তিনি বলেন, “ডেঙ্গুর জন্য প্রস্তুতি হিসেবে বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা বাড়ানো হবে।”
চীনের প্রতি কৃতজ্ঞতা
বাংলাদেশের এই কঠিন সময়ে সিনোভ্যাক ফাউন্ডেশনের টিকা অনুদানের জন্য চীনের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন বাংলাদেশের পাশে রয়েছে, সেটা আবারও প্রমাণ করেছে দেশটি।”



