জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ১৭ পলাতক আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) নিয়োগের আদেশ দিয়েছে ট্রাইবুনাল। বুধবার (১৩ মে) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার বিবরণ
প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন জানান, এই মামলায় ২২ আসামির মধ্যে সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ পাঁচজন গ্রেপ্তার আছেন। হাছান মাহমুদ, মহিবুল হাসানসহ ১৭ আসামি পলাতক। পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তারপরও তারা হাজির হননি। এমতাবস্থায় পলাতক এই ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়ে মামলার কার্যক্রম এগিয়ে যাওয়ার আবেদন করছেন তিনি।
অভিযোগ
জানা যায়, ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে মামলায়। প্রথম অভিযোগ-২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা। দ্বিতীয় অভিযোগ-২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা। তৃতীয় অভিযোগ-শতাধিক মানুষকে গুরুতর আহত করা।
এসময় পলাতক ১৭ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ৪ জুন এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির তারিখ ধার্য করা হয়।



