ভোলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ভোলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আকবর হোসেনের ছেলে তাকরিম (১৬ মাস), আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহাদাতের ছেলে আজমাইন (৪) ও ভেলুমিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুলালের মেয়ে তাসফিয়া (১৮ মাস)।

নিখোঁজের পর পুকুরে ভেসে ওঠে মরদেহ

নিহতদের স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর থেকে বেরিয়ে নিখোঁজ হয়। আশেপাশে খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে একপর্যায়ে বসতঘরের পাশের পুকুরে তিন শিশুই ভেসে ওঠে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ